দুই রাষ্ট্র সমাধানে গুরুত্বারোপ
মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গতকাল মঙ্গলবার পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন। এর আগে গত সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন তিনি। গতকাল ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছে তিনি প্রথমে ফিলিস্তিনি সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এরপর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে বসেন।
গত রোববার মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন ব্লিঙ্কেন। এই সফরে প্রথমে তিনি মিসরে যান। এরপর সোমবার ইসরায়েলে যান তিনি। মূলত ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা প্রশমন ও সংঘাত বন্ধের বার্তা নিয়েই ব্লিঙ্কেনের এই সফর। মধ্যপ্রাচ্যের এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েল ও ফিলিস্তিন আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সেই পুরোনো আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
গত বছর ও চলতি বছর ফিলিস্তিনের স্বাধীনতাকামী ও ইসরায়েলের বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বলা হচ্ছে, সাম্প্রতিককালের সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে গত বছর।
জাতিসংঘের দেওয়া তথ্য অনুসারে, ওই বছরের শুরু থেকে এ পর্যন্ত ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু চলতি জানুয়ারি মাসে নিহত হয়েছেন ৩৫ ফিলিস্তিনি। বার্তা সংস্থা এএফপির হিসাব অনুসারে, ২০১৫ সালের পর এটাই ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী মাস। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, চলতি মাসে ফিলিস্তিনের দখলকৃত এলাকাগুলোয় ইসরায়েলের হামলা বেড়েছে। এসব এলাকায় যেসব ইসরায়েলি আশ্রয় নিয়েছেন, তাঁরাই মূলত হামলার মাত্রা বাড়িয়েছেন।
অন্যদিকে ফিলিস্তিনের হামলায় ইসরায়েলের নাগরিক নিহত হওয়ার ঘটনাও বেড়েছে। গত বছর থেকে এ পর্যন্ত বিদেশি নাগরিকসহ ৩৩ ইসরায়েলি নিহত হয়েছেন। এর মধ্যে গত শুক্রবার ফিলিস্তিনি এক বন্দুকধারী পূর্ব জেরুজালেমে একটি সিনাগগের বাইরে হামলা চালায়। এতে সাতজন নিহত হন।
এরপরই ফিলিস্তিনে হামলার মাত্রা বাড়ায় ইসরায়েলের বাহিনী। এই অভিযানের অংশ হিসেবে পশ্চিম তীরের উত্তরাঞ্চলের জেনিন শহরের একটি শরণার্থীশিবিরে অনুপ্রবেশ করে ইসরায়েলের বাহিনী। সেখানে ব্যাপক অভিযান চালায় তারা। এই অভিযানে তথাকথিত বন্দুকযুদ্ধে ১০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এরপরই ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সহযোগিতার চুক্তি স্থগিত করে মাহমুদ আব্বাসের সরকার। এই পরিস্থিতিতে পশ্চিম তীর সফর করছেন ব্লিঙ্কেন।
ধারণা করা হচ্ছে, ব্লিঙ্কেনের এই সফরে ফিলিস্তিনকে আর্থিক সাহায্য-সহযোগিতা দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হবে।
এদিকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার চলমান সংকট নিয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস। তিনি বলেন, ‘পশ্চিম তীরের নিরাপত্তা পরিস্থিতি যেভাবে ভেঙে পড়ছে, তাতে আমরা উদ্বিগ্ন।’ সেখানকার পরিস্থিতি শান্ত করতে এবং উত্তেজনা হ্রাসে সব পক্ষকে পদক্ষেপ নিতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।