ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে ইসরায়েলে নামল এক ডজন মার্কিন এফ–২২ যুদ্ধবিমান

এফ-২২ যুদ্ধবিমানছবি: রয়টার্স

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের একটি বিমানঘাঁটিতে অন্তত ১২টি মার্কিন এফ-২২ যুদ্ধবিমান অবতরণ করেছে। গত মঙ্গলবার বিমানগুলো অবতরণ করেছে বলে জানিয়েছে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান।

মঙ্গলবার কানের প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা মোতায়েনের অংশ হিসেবে আজ বিকেলে দেশটির দক্ষিণাঞ্চলের ইসরায়েলি বিমানবাহিনীর একটি ঘাঁটিতে ১২টি মার্কিন এফ-২২ যুদ্ধবিমান অবতরণ করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এগুলো বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমানগুলোর অন্যতম। কেবল যুক্তরাষ্ট্রের কাছেই এগুলো রয়েছে। অন্যান্য অভিযানের পাশাপাশি এই বিমানগুলোর অন্যতম কাজ হলো ‘শত্রুর সীমানায় অনুপ্রবেশ করা এবং আকাশ প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থা অকেজো করে দেওয়া’।

পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ পটভূমিতে পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি জোরদার করেছে।