হামলার কড়া জবাব দেবে সৌদি জোট, মক্কা–মদিনা ছাড়া অন্য বিমানবন্দর ব্যবহার না করতে হুঁশিয়ারি হুতিদের

সৌদি আরবের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর হুতিদের হামলার পর ধোঁয়া উঠছে। ৮ অক্টোবর ২০২৬, রিয়াদছবি: রয়টার্স

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারকে সহায়তাকারী জোট শনিবারে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করেছে। তারা আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে এ হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে।

অন্যদিকে হুতিরা সৌদি আরবের মক্কা ও মদিনা ছাড়া অন্যান্য বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে বলেছে।

সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেছেন, ১০ অক্টোবরের এ হামলাকে বিমানবন্দরের যাত্রীদের টার্মিনালকে নিশানা করে চালানো হয়েছিল। এতে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক মানবিক আইন ও যুদ্ধের প্রথাগত নিয়ম অনুযায়ী, এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ।

আরও পড়ুন

আল-মালিকি এ হামলাকে হুতিদের সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে বলেন, এটি মানবিক নীতি ও নৈতিক মূল্যবোধ লঙ্ঘন করেছে।

আল–মালিকি জোর দিয়ে বলেন, জোটের যৌথ বাহিনী কমান্ড আন্তর্জাতিক মানবিক আইন ও যুদ্ধের নিয়ম অনুসারে এই হামলার চূড়ান্ত ও কঠোর জবাব দেবে।

সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) নিশ্চিত করার পর মালিকির বিবৃতিটি এসেছে। কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবারের হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হয়েছেন।

নিহত ব্যক্তিদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন।

আরও পড়ুন

জিএসিএ জানিয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ আরও নিশ্চিত করেছে, এ হামলায় ক্ষয়ক্ষতি নির্ধারণে কাজ চলছে।

গতকালের হামলার পর কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং স্থাপনাগুলোর নিরাপত্তা যাচাই করার সময় বিমানবন্দরে সাময়িকভাবে কার্যক্রম স্থগিত রাখতে বাধ্য হয়।

এদিকে মক্কা ও মদিনা ছাড়া সৌদি আরবের অন্য বিমানবন্দর ব্যবহারে হুতি বাহিনী সতর্কতা জারি করেছে। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে সব শিপিং কোম্পানি, উড়োজাহাজ সংস্থা, কর্মকর্তা, কর্মী ও যাত্রীদের সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করতে হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

কারণ হিসেবে ইয়াহিয়া বলেন, এগুলো ‘আমাদের বাহিনীর হামলার নিশানা ও যুদ্ধক্ষেত্রের আওতাধীন’।

হামলার ঘটনার পর কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। রিয়াদ, সৌদি আরব, ১০ অক্টোবর
ছবি: রয়টার্স

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইয়াহিয়া বলেন, মক্কা ও মদিনার বিমানবন্দরগুলোকে সব ধরনের হামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রিয়াদে রোববারের ফ্লাইট বাতিল কুয়েত এয়ারওয়েজের

কুয়েত এয়ারওয়েজ আজ রোববার রিয়াদে চলাচলের জন্য নির্ধারিত তাদের দুটি ফ্লাইট বাতিল করার ঘোষণা দিয়েছে।

কারণ হিসেবে কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরব কর্তৃপক্ষ রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করেছে।