ইরানের ৫টি ট্যাংকারে হামলা, জবাবে জর্ডানে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও হরমুজে ১০টি জাহাজে হামলা তেহরানের
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, আজ বুধবার তারা জর্ডানে একটি মার্কিন বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে। এ ছাড়া হরমুজ প্রণালিতে ১০টি জাহাজে হামলা করেছে তারা। এর আগে যুক্তরাষ্ট্র বলেছিল, তারা ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকার ধ্বংস করেছে।
ছয় মাসের বেশি সময় ধরে চলা এ যুদ্ধে সর্বশেষ এই পাল্টাপাল্টি হামলা নতুন করে উত্তেজনা আরও বৃদ্ধি করেছে। আঞ্চলিক মিত্ররাও এ সংঘাতে জড়িয়ে পড়ছে।
অথচ প্রায় এক মাস ধরে যুদ্ধ পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত ছিল। এখন এই উত্তেজনার মধ্যে তেলের দাম আবার দ্রুত বাড়তে শুরু করেছে।
গতকালের মার্কিন হামলার কয়েক ঘণ্টা আগে ইরানের নৌবাহিনী দাবি করেছিল, তারা হরমুজ প্রণালিতে একটি চালকবিহীন মার্কিন সাবমেরিন জব্দ করেছে।
আইআরজিসি বলেছে, আজ তারা যে ১০টি জাহাজে হামলা চালিয়েছে, সেগুলোর মধ্যে ২টি মার্কিন জাহাজ ও ৮টি তেলবাহী ট্যাংকার। জাহাজগুলো হরমুজ প্রণালির একটি ‘নিষিদ্ধ ও অনিরাপদ’ এলাকায় প্রবেশের চেষ্টা করছিল।
ইরানের অব্যাহত হামলার কারণে গুরুত্বপূর্ণ এ জ্বালানি পরিবহন পথে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।
এর আগে গতকাল মঙ্গলবার ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র। গত দুই দিনে তেহরান দুবার একটি মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। তার জবাবেই গতকালের এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়, আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট ইরানি তেলবাহী চারটি ট্যাংকারকে ওমান উপসাগরে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ছাড়া পারস্য উপসাগরীয় উপকূলের অদূরে অবস্থিত ইরানের খারগ দ্বীপের কাছে আরেকটি ট্যাংকারে হামলা চালানো হয়েছে। খারগ দ্বীপে ইরানের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা রয়েছে।
এসব হামলার জবাবে তেহরান জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। জর্ডান দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি ভূপাতিত করেছে।
বাকি দুটি ক্ষেপণাস্ত্র জনবসতিহীন এলাকায় গিয়ে পড়েছে বলে দাবি করেছেন জর্ডানের সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র।
যুদ্ধ শুরুর পর থেকে ইরান নিয়মিতভাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও তাদের মিত্রদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। এর মধ্যে জর্ডানেও বেশ কয়েকবার হামলা হয়েছে। জুলাইয়ে চালানো একটি হামলায় অন্তত দুই মার্কিন সামরিক সদস্য নিহত হন।
উত্তেজনা বৃদ্ধির মধ্যে এশিয়ার বাজারে আজ দিনের শুরুতে তেলের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ৯৯ দশমিক ৪১ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে লেনদেন হওয়া তেলের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৫৫ ডলারে উঠেছে।
এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা আবার তীব্র হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে শুরু হওয়া এ যুদ্ধ সাত মাসে গড়িয়েছে।
ইতিমধ্যে ইরান আরও প্রতিশোধমূলক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে। কুয়েত ও বাহরাইনের বন্দরগুলোর কাছে থাকা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট তেলবাহী ট্যাংকারগুলোর নাবিকদের উদ্দেশে ইরান বলেছে, তাঁরা ‘নোঙর করা বা বন্দরে থাকা—যে অবস্থায় থাকুন না কেন, অবিলম্বে যেন জাহাজ ছেড়ে চলে যান, কারণ এগুলো হামলার লক্ষ্যবস্তু করা হবে।’
একটি মার্কিন যুদ্ধজাহাজে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর সর্বশেষ এই যুদ্ধ উত্তেজনা বেড়ে যায়। সেন্টকম দাবি করেছে, ক্ষেপণাস্ত্রগুলো ‘সফলভাবে এড়িয়ে যাওয়া হয়েছে’। হামলায় কোনো মার্কিন সেনা ক্ষতিগ্রস্ত হননি।
যুক্তরাষ্ট্র আরও বলেছে, তারা ইরানি তেলবাহী যে পাঁচটি ট্যাংকারে হামলা চালিয়েছে, সেগুলো ‘বহু বিলিয়ন ডলারের একটি গোপন নেটওয়ার্কের অংশ, যা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং তাদের আঞ্চলিক সহযোগী গোষ্ঠীগুলোকে অর্থায়ন করে’।
ইরানের মোট অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) প্রায় ৯০ শতাংশই খারগ দ্বীপের মধ্য দিয়ে রপ্তানি করা হয়। মূল ভূখণ্ড থেকে পাইপলাইনের মাধ্যমে তেল এনে দ্বীপটি হয়ে তা পরিবহন করা হয়।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা নিয়ে জানতে চাওয়া হলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পরিস্থিতিকে ‘বেশ সরল’ বলে মন্তব্য করেন।
কলম্বিয়া সফরের সময় রুবিও বলেন, ‘ইরান মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলার চেষ্টা অব্যাহত রেখেছে। আর তারা যতবারই এমন করবে বা করার চেষ্টা করবে, ততবারই তাদের তেলবাহী ট্যাংকার হারাতে হবে। আমার মনে হয়, আজও আপনারা সেটাই দেখতে পাবেন।’
গতকালের মার্কিন হামলার কয়েক ঘণ্টা আগে ইরানের নৌবাহিনী দাবি করেছিল, তারা হরমুজ প্রণালিতে একটি চালকবিহীন মার্কিন ‘সাবমেরিন ড্রোন’ জব্দ করেছে।
সেন্টকমের মুখপাত্র ও মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স এ প্রসঙ্গে বলেন, মার্কিন বাহিনী পরিচালিত পানির নিচের ‘ড্রোনটি’ এক দিনেরও বেশি আগে বিকল হয়ে যায়। এটি চলমান সামরিক অভিযানে সহায়তায় জন্য আঞ্চলিক জলসীমা পর্যবেক্ষণের কাজে ব্যবহার করা হচ্ছিল।
মুখপাত্র আরও বলেন, ‘বিকল হয়ে যাওয়া ড্রোন ছিল পুরোনো মডেলের। এতে সংবেদনশীল কোনো তথ্য সংগ্রহের সক্ষমতা ছিল না এবং কোনো গোপনীয় সরঞ্জামও ছিল না।’ আঞ্চলিক জলসীমায় মার্কিন অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এদিকে যুদ্ধের উত্তেজনা বৃদ্ধির মধ্যে এশিয়ার বাজারে আজ দিনের শুরুতে তেলের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ৯৯ দশমিক ৪১ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে লেনদেন হওয়া তেলের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৫৫ ডলারে উঠেছে।