মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল মেহের নিউজ

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে কয়েকজন মানুষ ঘিরে রেখেছেন। ভিডিওটি দেখে মনে হচ্ছিল, তিনি তাঁর আশেপাশের মানুষের সঙ্গে কথা বলছেনছবি: সিজিটিএন ইউরোপের (চীন গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক ইউরোপ) পেজের ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট।

টেলিগ্রামে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি। গতকাল শনিবার ভিডিওটি প্রকাশ করা হয়।

ভিডিওটিতে দেখা যায়, মোজতবা খামেনিকে কয়েকজন মানুষ ঘিরে রেখেছেন। তাঁকে দেখে মনে হচ্ছিল, তিনি তাঁর আশেপাশের মানুষের সঙ্গে কথা বলছেন।

ভিডিওটি কখন বা কোথায় ধারণ করা হয়েছে, মেহেরের প্রতিবেদনে তা নির্দিষ্ট করে বলা হয়নি। এমনকি তাঁকে ঘিরে রাখা মানুষগুলোর পরিচয়ও প্রকাশ করা হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের অন্যান্য শহরে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার এবং সাধারণ নাগরিক নিহত হন।

এর জবাবে ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান।

নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। মার্চের শুরুর দিকে দেশটির ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ তাঁকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করে।