ইরানে আবার হামলা চালাতে ট্রাম্পকে উসকানি দিচ্ছেন নেতানিয়াহু, কী ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট
ইসরায়েলের উগ্র ইহুদিবাদী যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের ওপর হামলা চালাতে উসকানি দিচ্ছেন। ইসরায়েল থেকে হামলার বিষয়ে প্রতিনিয়ত তাঁকে চাপ দেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, ইরানের সামরিক সক্ষমতা নিয়ে পাওয়া নতুন গোয়েন্দা তথ্য এবং দ্রুত ও কঠোর পদক্ষেপ নিতে ইসরায়েলের ক্রমবর্ধমান চাপের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে আবারও বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা খতিয়ে দেখছেন।
কর্মকর্তারা জানান, ট্রাম্প এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। ইসরায়েল বারবার দাবি করছে, ইরান সফলভাবে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ভান্ডার পুনর্গঠন করছে এবং রাসায়নিক ও জৈব অস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে। তাদের সেই দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট।
মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের হাতে যে উল্লেখযোগ্য সামরিক শক্তি মজুত রয়েছে এবং এখনই পদক্ষেপ নেওয়ার একটি সুযোগ আছে, সেই বিষয়টিও ট্রাম্প হিসাব করছেন।
গোয়েন্দা তথ্যের নির্ভরযোগ্যতা এবং ইরানে আবারও হামলা চালানো কতটা বুদ্ধিমানের কাজ হবে, তা নিয়ে প্রশাসনের ভেতরেই গভীর মতপার্থক্য রয়েছে। বিশেষ করে সম্প্রতি অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ভোটাররা এই যুদ্ধের প্রতি স্পষ্ট অসন্তোষ প্রকাশ করার পর এই বিতর্ক আরও বেড়েছে। কারণ, প্রায় আট মাস আগে যুদ্ধ শুরুর সময় ট্রাম্প যে দ্রুত বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ হয়নি। উল্টো এই যুদ্ধের কারণে জ্বালানিসহ দ্রব্যমূল্য বেড়ে গেছে।
তবে আলোচনা সম্পর্কে জানেন এমন ব্যক্তিরা বলছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে চার থেকে সাত দিনের বিমান হামলায় ইসরায়েলের সঙ্গে যোগ দিতে যুক্তরাষ্ট্রকে জোরালোভাবে চাপ দিচ্ছেন। স্পর্শকাতর নিরাপত্তা বিষয় নিয়ে কথা বলার কারণে কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন।
ইসরায়েলে গত মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নেতানিয়াহুর ক্ষমতায় টিকে থাকা বেশ নড়বড়ে হয়ে পড়েছে। ইতিমধ্যে পার্লামেন্টে (নেসেট) স্পিকার ও ডেপুটি স্পিকারের পদে নির্বাচনে তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিরা হেরে গেছেন।
গত সপ্তাহে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আলোচনা আরও জোরদার হয়। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক রোমান গোফম্যান ওয়াশিংটনে সিআইএ পরিচালক জন র্যাটক্লিফসহ অন্যদের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান শ্লোমি বাইন্ডারসহ আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় আবার সামরিক অভিযান শুরুর পক্ষে মত দিয়েছেন।
অবশ্য ইসরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পকে কোনো চাপ দেননি। তাঁর এক মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী সব সময় ইসরায়েলের ‘নিরাপত্তা নিশ্চিত করার’ লক্ষ্যেই কাজ করেছেন।
বড় ধরনের যুদ্ধ আবার শুরু করার বিষয়ে ট্রাম্প সাম্প্রতিক মাসগুলোতে সিদ্ধান্তহীনতায় ভুগেছেন। কখনো তিনি ঘোষণা দিয়েছেন, যুদ্ধ শেষ হয়ে গেছে। আবার কখনো ইঙ্গিত দিয়েছেন, ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে তিনি আবারও হামলা চালাতে পারেন।
সম্প্রতি ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন। মনে হচ্ছে, তিনি ধারণা করছেন, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক চাপের মুখে ইরান শেষ পর্যন্ত এমন একটি চুক্তিতে আসতে বাধ্য হবে, যার আওতায় তারা তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগ করবে।
তবে ট্রাম্পের চিন্তাভাবনা সম্পর্কে জানাশোনা আছে এমন ব্যক্তিরা বলছেন, যুক্তরাষ্ট্র কার্যত এই যুদ্ধে হেরে গেছে, এমন সমালোচনার বিষয়ে তিনি অত্যন্ত সংবেদনশীল। আর দুই বছর ধরে নির্বাহী ক্ষমতা প্রয়োগের পর প্রেসিডেন্ট এখন তাঁর দ্বিতীয় মেয়াদের শেষভাগের (নখদন্তহীন) সময়ের দিকে এগোচ্ছেন। অতীতে যখনই তিনি কোনো বাধার বা অনিশ্চয়তার মুখে পড়েছেন, তখনই প্রায়ই শক্তি প্রদর্শনের পথ বেছে নিয়েছেন।
মার্কিন এক কর্মকর্তা বলেছেন, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের আর বড় কোনো যুদ্ধ করার প্রয়োজন নেই। কারণ, তাঁর অর্থনৈতিক চাপ ইরানের অর্থনীতিকে বিপর্যস্ত করে দিয়েছে।
তবে ওই কর্মকর্তা আরও যোগ করেন, ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে ট্রাম্পের হাতে সব ধরনের বিকল্পই খোলা রয়েছে।
সামরিক কর্মকর্তারা বলছেন, গত কয়েক সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী ওই অঞ্চলে বিশাল সমরাস্ত্রের সমাবেশ ঘটিয়েছে। ট্রাম্প অনুমোদন দিলেই ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভান্ডার এবং জ্বালানি স্থাপনাগুলোতে স্বল্প সময়ের জন্য তীব্র হামলা চালানোর উদ্দেশ্যে যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং বোমারু বিমান প্রস্তুত রাখা হয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে তৃতীয় বিমানবাহী রণতরি ‘ইউএসএস থিওডর রুজভেল্ট’ ওই অঞ্চলে পৌঁছানোর পর এই সামরিক শক্তি সাময়িকভাবে আরও বৃদ্ধি পেয়েছে। ২০০৩ সালে ইরাক যুদ্ধের পর এ নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরি একসঙ্গে অবস্থান করছে। তবে এর পরপরই অন্য একটি রণতরি ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’ প্রশান্ত মহাসাগরের দিকে ফিরে গেছে।
যেকোনো হামলায় মধ্যপ্রাচ্যে মোতায়েন ডজনখানেক যুদ্ধবিমান ও আক্রমণকারী বিমান অংশ নেবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে থাকা দূরপাল্লার বি-১ এবং বি-২ বোমারু বিমানও যোগ দেবে। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের লক্ষ্যে কয়েক সপ্তাহ ধরে সেগুলোকে ৯৬ ঘণ্টার সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন প্রেসিডেন্টের সামনে সামরিক পদক্ষেপের বেশ কিছু বিকল্প উপস্থাপন করেছেন, যা সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার তৈরি করেছেন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, অ্যাডমিরাল কুপার চলতি সপ্তাহে ওই অঞ্চল সফর করছেন।
আবার বড় ধরনের যুদ্ধ শুরুর আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পেন্টাগন এবং পররাষ্ট্র দপ্তর ওই অঞ্চলের ঘাঁটি ও স্থাপনাগুলো থেকে কর্মীদের সরিয়ে নিয়েছে। সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি ইসরায়েলকে অতিরিক্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাও সরবরাহ করেছে।
অভিযানের নিরাপত্তার কারণ দেখিয়ে পেন্টাগন বুধবার এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। তবে এক বিবৃতিতে তারা বলেছে, মার্কিন সামরিক বাহিনী প্রেসিডেন্টের কাছে বিভিন্ন বিকল্প তুলে ধরার কাজ অব্যাহত রেখেছে। সব ধরনের বিকল্পই বিবেচনায় রয়েছে।
সিআইএ-ও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
সামরিক কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো হামলা চালালে তা মূলত ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভান্ডারকে লক্ষ্য করেই চালানো হবে, যার বেশির ভাগই যুদ্ধের প্রাথমিক পর্যায়ের পর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) পুনর্গঠন করেছে। এ ছাড়া ইরানের জ্বালানি স্থাপনা ও আইআরজিসির কমান্ড পোস্ট ও সদর দপ্তরগুলোও হামলার লক্ষ্যবস্তু হতে পারে।
আলোচনা সম্পর্কে অবগত ব্যক্তিরা বলছেন, ইসরায়েলের পরিকল্পনায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আরও হামলার পাশাপাশি সবচেয়ে উসকানিমূলক যে বিষয়টি রয়েছে তা হচ্ছে, ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর ব্যাপক হামলা চালানো, যার ফলে শিল্পকারখানা ও সাধারণ মানুষের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তবে ট্রাম্প এখনো এই প্রস্তাবে রাজি হননি।
যুদ্ধের শুরু থেকেই যুদ্ধবাজ নেতানিয়াহু এমন সব পরিকল্পনার কথা বলে আসছেন, যা তাঁর মতে ইরান সরকারের বিরুদ্ধে গণ–অভ্যুত্থান ঘটাতে পারে। যদিও এখন পর্যন্ত এমন কোনো লক্ষণ দেখা যায়নি।
ইরানে আরেক দফা হামলার এই তাগিদ ইসরায়েলি প্রধানমন্ত্রীর নিজের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াইয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। গত মাসের নির্বাচনের পর বিরোধী দলগুলোর একটি জোট সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। নেতানিয়াহু বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
নতুন করে যুদ্ধ শুরু হলে বিরোধী দলের সরকার গঠনের প্রচেষ্টা বিলম্বিত বা ভেস্তে যেতে পারে এবং নেতানিয়াহুকে রেখে একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের চাপ তৈরি হতে পারে।
আরেক দফা বড় হামলায় যুক্তরাষ্ট্রকে রাজি করাতে ইসরায়েল তেহরানের পক্ষ থেকে আসা বিভিন্ন হুমকির কথা তুলে ধরেছে। ইসরায়েলি কর্মকর্তারা দাবি করছেন, ইরানের কাছে এখনো উল্লেখযোগ্য পরিমাণে রাসায়নিক ও জৈব অস্ত্রের সক্ষমতা রয়েছে, যা পুরো অঞ্চলের জন্য হুমকি। এই অস্ত্র ব্যবহার করে ইরান যুক্তরাষ্ট্র ও ইউরোপে সন্ত্রাসী হামলা চালাতে পারে।
ইসরায়েলি কর্মকর্তারা আরও দাবি করছেন, ইরানিরা ওই অঞ্চলে থাকা ড্রোনগুলোতে এসব অস্ত্রের কিছু অংশ যুক্ত করতে সক্ষম এবং তা দিয়ে ইসরায়েল বা তার প্রতিবেশী দেশগুলোতে হামলা চালাতে পারে।
অবশ্য বেশির ভাগ ক্ষেত্রে ইরান নিয়ে ইসরায়েলের গোয়েন্দা তথ্য বা নেতানিয়াহুর দাবি ভুয়া প্রমাণিত হয়েছে। যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে আনতে ইসরায়েল ও নেতানিয়াহু এসব গল্প ফাঁদেন বলে বিশ্লেষকেরা বলছেন।
আলোচনা সম্পর্কে জানেন এমন ব্যক্তিরা বলছেন, মার্কিন গোয়েন্দা কর্মকর্তারাও ইরানের রাসায়নিক ও জৈব অস্ত্রের সক্ষমতা বাড়ানোর জোরদার প্রচেষ্টার প্রমাণ দেখতে পাচ্ছেন।
তবে মার্কিন কর্মকর্তাদের মতে, প্রচলিত ধারণা হলো ইরান ইসরায়েল বা অন্য শত্রুদের বিরুদ্ধে আগবাড়িয়ে ব্যবহার করতে এসব অস্ত্র তৈরি করছে না। বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যাতে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে কিংবা ইরানের অবকাঠামো বা বেসামরিক নাগরিকদের ব্যাপক ক্ষতি করে এমন বড় কোনো হামলা না চালায়, তা প্রতিরোধ বা নিবৃত্ত করার জন্যই তারা এই সক্ষমতা বাড়াচ্ছে।
ইসরায়েল এমন গোয়েন্দা তথ্যও দিয়েছে যাতে দাবি করা হয়েছে, ইরানিরা জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে রাসায়নিক উপাদান ব্যবহারের ষড়যন্ত্র করেছে। ওই গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত এক ব্যক্তি বলেছেন, সম্প্রতি অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে তাঁর বাসভবন থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের সঙ্গে এ ধরনের হুমকির সম্পর্ক ছিল।