সংঘাতময় এলাকায় যৌন সহিংসতার ‘কালোতালিকায়’ ইসরায়েলকে অন্তর্ভুক্ত করল জাতিসংঘ

পশ্চিম তীরে একটি সড়কে অবস্থান নিয়েছেন কয়েকজন ইসরায়েলি সেনা। ২৩ অক্টোবর ২০২৫ছবি: এএফপি

সংঘাতময় এলাকায় যৌন সহিংসতার দায়ে ইসরায়েলকে ‘কালোতালিকায়’ অন্তর্ভুক্ত করেছে জাতিসংঘ। এর প্রতিবাদে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত এই তথ্য জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক ভিডিও বার্তায় ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, ‘এই মহাসচিবের সঙ্গে আমাদের সম্পর্ক শেষ।’ আন্তোনিও গুতেরেসের কার্যালয় থেকে প্রকাশিতব্য ওই প্রতিবেদনের কড়া সমালোচনা করেন তিনি।

সংঘাতকালীন যৌন সহিংসতা নিয়ে জাতিসংঘ মহাসচিবের বার্ষিক প্রতিবেদন প্রকাশের আগে সাধারণত সংশ্লিষ্ট দেশগুলোকে তা দেখানো হয়। গত বছরের আগস্টে এক প্রতিবেদনে জাতিসংঘ সতর্ক করেছিল যে ইসরায়েলকেও এই তালিকায় রাখা হতে পারে।

ড্যানি ড্যানন বলেন, ‘ইসরায়েলকে কালোতালিকাভুক্ত করা এবং আমাদের বিরুদ্ধে যুদ্ধাস্ত্র হিসেবে যৌন সহিংসতা ব্যবহারের অভিযোগ আনা একটি জঘন্য সিদ্ধান্ত।’

ড্যানন আরও বলেন, জাতিসংঘ মহাসচিব ও তাঁর দল ইসরায়েলের বিরুদ্ধে মিথ্যা ছড়াচ্ছে। ইসরায়েল ও হামাসকে একই তালিকায় রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জাতিসংঘে ইসরায়েলি মিশন এক বিবৃতিতে জানিয়েছে, আন্তোনিও গুতেরেস যত দিন এই সংস্থার প্রধান থাকবেন, তত দিন তাঁর দপ্তরের সঙ্গে তারা কোনো যোগাযোগ রাখবে না।

প্রকাশিতব্য ওই প্রতিবেদন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোরস্টেইন এক্সে দেওয়া এক পোস্টে জাতিসংঘকে একটি ‘রাজনৈতিক ও দুর্নীতিগ্রস্ত’ সংস্থা হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, জাতিসংঘ তার আদর্শ থেকে বিচ্যুত হয়েছে এবং ইসরায়েলকে লক্ষ্যবস্তু বানানোই এখন তাদের প্রধান কাজ।

গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, ড্যানি ড্যাননের বক্তব্য তাঁদের নজরে এসেছে। তবে তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে মহাসচিবের আলোচনার দরজা সব সময় খোলা থাকবে।’

নারী ও শিশুদের ওপর সহিংসতাবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত রিম আলসালেম বলেছেন, অনেক আগেই ইসরায়েলকে এই কালোতালিকায় অন্তর্ভুক্ত করা উচিত ছিল। এক্সে দেওয়া এক পোস্টে রিম আলসালেম লিখেন, ‘এই সিদ্ধান্ত আরও আগেই আসা উচিত ছিল।’

রিম আলসালেম আরও বলেন, ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশুদের ওপর ইসরায়েলের চালানো পরিকল্পিত ও ভয়াবহ যৌন সহিংসতার তথ্য বিভিন্নভাবে প্রমাণিত। এই প্রমাণ থাকা সত্ত্বেও আগে কেন ইসরায়েলকে তালিকায় রাখা হয়নি, তা নিয়ে তিনি হতাশা প্রকাশ করেন।