কুয়েতে সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা অস্বীকার ইরানের, যৌথ তদন্তের প্রস্তাব
কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় নিজেদের কোনো ধরনের সম্পৃক্ততা থাকার কথা অস্বীকার করেছে ইরান। গতকাল বৃহস্পতিবারের ওই হামলার জন্য ইতালি ও কুয়েত তেহরানকে দায়ী করলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ঘটনার উৎস ও জড়িত পক্ষগুলো চিহ্নিত করতে কুয়েতের সঙ্গে যৌথ তদন্তের প্রস্তাব দিয়েছেন।
নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি এ হামলায় ইরানের কোনো ধরনের সম্পৃক্ততার কথা নাকচ করে ওই প্রস্তাব দেন।
একই দিন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র আবোলফজল শেকারচি কুয়েতের কোনো ‘গুরুত্বপূর্ণ’ স্থাপনায় হামলা চালানোর কথা অস্বীকার করেছেন।
আবোলফজল শেকারচি বলেন, ওই অঞ্চলে ইরানি বাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের আক্রমণাত্মক বা সামরিক অভিযান চালানো হয়নি। এ ছাড়া এক্সে দেওয়া এক পোস্টে রোমে অবস্থিত ইরানি দূতাবাসও কুয়েতের সামরিক স্থাপনায় ইরানি ড্রোন হামলার দাবি পুরোপুরি নাকচ করে দিয়েছে।
এর আগে গতকাল কুয়েতের একটি আকাশ প্রতিরক্ষা পর্যবেক্ষণ কেন্দ্রে ড্রোন হামলায় দুই ইতালীয় টেকনিশিয়ান নিহত হন। তাঁরা জার্মান প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাইনমেটালের ইতালীয় শাখা ‘রাইনমেটাল ইতালিয়া’য় কর্মরত ছিলেন।
আবোলফজল শেকারচি বলেন, ওই অঞ্চলে ইরানি বাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের আক্রমণাত্মক বা সামরিক অভিযান চালানো হয়নি। এ ছাড়া এক্সে দেওয়া এক পোস্টে রোমে অবস্থিত ইরানি দূতাবাসও কুয়েতের সামরিক স্থাপনায় ইরানি ড্রোন হামলার দাবি পুরোপুরি নাকচ করে দিয়েছে।
রোমে সিনেটে দেওয়া বক্তব্যে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেন, ইরানি ড্রোন দিয়ে ওই পর্যবেক্ষণ কেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়েছিল। তিনি বলেন, ‘কুয়েত থেকে পাওয়া তথ্য অনুযায়ী, একটি শক্তিশালী বিস্ফোরণের পর আমাদের দুই স্বদেশি মারা গেছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন; তাঁদের একজন পাকিস্তানি ও অপরজন কুয়েতি সেনাবাহিনীর ক্যাপ্টেন।’
ইতালির বার্তা সংস্থা এজিআইকে তাজানি বলেন, ঘটনার বিষয়ে ইরানি দূতাবাসে আনুষ্ঠানিক অভিযোগ জানাবে ইতালি। পরিস্থিতি বিবেচনায় সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যুদ্ধের সঙ্গে জড়িত নয়—ইরান সীমান্তবর্তী এমন আরব দেশগুলোতে হামলার কোনো প্রয়োজন নেই।
এদিকে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও আহত হয়ে দুই ইতালীয় নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। শুরুতে মন্ত্রণালয় জানিয়েছিল, ইরানের হামলা বলে বর্ণনা করা এক ঘটনায় একটি ‘গুরুত্বপূর্ণ স্থাপনা’ লক্ষ্যবস্তু হলে ধ্বংসাবশেষে চারজন আহত হন। পরে তারা নিশ্চিত করে, দুই ইতালীয় নিহত হয়েছেন এবং আহত অপর দুজন কুয়েতি ও পাকিস্তানি। হামলায় বস্তুগত ক্ষয়ক্ষতিও হয়েছে বলে জানায় মন্ত্রণালয়।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাতের সূত্রপাত হয়। এর পর থেকে সংঘাত ছড়িয়ে পড়ে এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে—এমন উপসাগরীয় আরব দেশগুলোতে ইরান হামলা চালায়।
ইতিমধ্যে ১৭ নভেম্বর হরমুজ প্রণালির কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান জানিয়েছিল, তারা কুয়েতে মার্কিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালিয়েছে।