শিরশ্ছেদের পর স্ত্রীর বিচ্ছিন্ন মাথা নিয়ে ঘোরা স্বামীর ৮ বছরের কারাদণ্ড
১৭ বছর বয়সী স্ত্রীর শিরশ্ছেদ ও বিচ্ছিন্ন মাথা নিয়ে ঘোরার দায়ে মাত্র ৮ বছরের কারাদণ্ড হয়েছে স্বামীর। ইরানের বিচার বিভাগের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।
গত বছর ইরানে ‘অনার কিলিং’–এর ঘটনা বেশ সাড়া ফেলেছিল। দেশটির আহভাজ শহরে স্ত্রী মোনার বিচ্ছিন্ন মস্তক নিয়ে স্বামী সাজ্জাদ হায়দারি নামের এক ব্যক্তির ছবি প্রকাশিত হয়।
বিচার বিভাগের মুখপাত্র বলেন, মোনার মা-বাবা মেয়ের হত্যাকারীর বিচার দাবির বদলে তাঁকে ক্ষমা করে দেন। এ কারণে তাঁর শাস্তি কম হয়েছে।
মোনার বাবা এর আগে বলেছিলেন, তিনি অনার কিলিং এ সম্মতি দেননি।
১২ বছর বয়সে মোনার বিয়ে হয়। ১৪ বছর বয়সে তিনি ছেলেসন্তানের জন্ম দেন।
স্থানীয় গণমাধ্যমের খবর বলছে, স্বামীর নির্যাতনের কারণে মোনা তুরস্কে পালিয়ে গিয়েছিলেন। বিচ্ছেদের অনুরোধ জানালেও স্বামী তাঁকে বিচ্ছেদের অনুমতি দেননি।
গত বছরের ফেব্রুয়ারিতে হত্যার মাত্র কয়েক দিন আগে মোনা ইরানে ফেরেন। কারণ, পরিবার তাঁকে নিরাপদে রাখবে বলে আশ্বাস দিয়েছিল।
বিচার বিভাগের মুখপাত্র মাসুদ সিতাইয়েশি গতকাল বুধবার সাংবাদিকদের বলেন, সাজ্জাদ হায়দারিকে হত্যার জন্য সাড়ে সাত বছর ও নির্যাতনের জন্য আরও আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মাসুদ সিতাইয়েশি আরও বলেন, ইরানের আইন অনুসারেই এই রায় হয়েছে। আইনে বলা আছে, পরিবার যদি হত্যাকারীকে ক্ষমা না করে তাহলে মৃত্যুদণ্ড হতে পারে।
হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার কারণে মোনার দেবরকে ৪৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভয়াবহ এই হত্যাকাণ্ডের পর গৃহে সহিংসতা প্রতিরোধে আইন প্রণয়নের দাবি উঠেছে ইরানে। বিয়ের জন্য বয়স নির্দিষ্ট করে দেওয়ার আহ্বানও জানানো হয়েছে। ইরানে মেয়েদের বিয়ের জন্য ১৩ বছর নির্ধারিত করে দেওয়া হয়েছে। তবে এর চেয়ে কম বয়সী মেয়েরা বিচারিক ও মা-বাবার সম্মতিতে বিয়ে করতে পারে।
২০২০ সালে ১৪ বছরের রোমিনা আশরাফির শিরশ্ছেদ করেন তাঁর বাবা। প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে পালিয়ে যাওয়ায় তাঁর শিরশ্ছেদ করা হয়। শিরশ্ছেদ করার আগে রোমিনার বাবা এই অপরাধের জন্য কী শাস্তি হতে পারে, তা নিয়ে আইনজীবীর সঙ্গে আলোচনা করেন। আইন অনুসারে ওই বাবার ৯ বছরের কারাদণ্ড হয়। ইরানের আইনে সর্বোচ্চ শাস্তির যে বিধান রয়েছে, তা থেকে এটি এক বছর কম।
ইরান সরকার পরবর্তী সময় খসড়া আইন অনুমোদন করেছে। এই আইন অনুসারে নারীর বিরুদ্ধে বিভিন্ন সহিংসতার ঘটনা অপরাধ হিসেবে গণ্য হবে। পার্লামেন্টে এই আইন পাস করা হবে। জাতিসংঘের বিশেষজ্ঞ বলছেন, এটি যথেষ্ট পদক্ষেপ নয়।
সরকারবিরোধী বিক্ষোভে ইরান এখন সোচ্চার। গত সেপ্টেম্বরে হিজাব না পরায় নৈতিকতা পুলিশের হেফাজতে মাসা আমিনি নামের এক তরুণীর মৃত্যুর প্রতিবাদে এই বিক্ষোভ হয়।
বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় বেশ কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।