ইসরায়েলকে ‘ফিলিস্তিনিদের নিপীড়নের লাইসেন্স দেওয়া হয়েছে’: আলবানিজ

জাতিসংঘের বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজফাইল ছবি: এএফপি

ইসরায়েলকে ‘কার্যত ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন চালানোর লাইসেন্স দেওয়া হয়েছে’ বলে অভিযোগ করেছেন ফ্রানচেসকা আলবানিজ। দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নিয়োজিত জাতিসংঘের বিশেষ এই প্রতিনিধি সোমবার জেনেভায় মানবাধিকার পরিষদে একটি নতুন প্রতিবেদন পেশ করার সময় এই অভিযোগ করেন।

আলবানিজ বলেন, এই প্রতিবেদনে ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান জাতিগত নিধন’ নথিভুক্ত করা হয়েছে।

জাতিসংঘের বিশেষ এই প্রতিনিধি জানান, প্রতিবেদনে তিনি ইসরায়েলের ‘ব্যাপক ও পরিকল্পিতভাবে নিপীড়ন এবং ফিলিস্তিনিদের জন্য কীভাবে যন্ত্রণাদায়ক পরিবেশ তৈরি করা’ হয়েছে, সেটার বিস্তারিত বর্ণনা দিয়েছেন।

ফিলিস্তিনিদের নিপীড়নে বিভিন্ন দেশের সরকার ইসরায়েলকে প্ররোচনা দিচ্ছে বলে অভিযোগ করেন আলবানিজ। তিনি বলেন, ইসরায়েলকে ‘কার্যত ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন চালানোর লাইসেন্স দেওয়া হয়েছে। কারণ, অধিকাংশ দেশের সরকার ও তাদের মন্ত্রীরা এর অনুমতি দিয়েছেন।’

আলবানিজের নতুন প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জানুয়ারি মাসের মধ্যে ইসরায়েলি বাহিনী শিশুসহ সাড়ে ১৮ হাজারের বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। এই সময়ে অন্তত ১০০ জন ইসরায়েলের হেফাজতে মারা গেছেন এবং প্রায় ৪ হাজার জন গুম হয়েছেন।

আরও পড়ুন

হাজার হাজার ফিলিস্তিনিকে কোনো অভিযোগ ছাড়াই আটক করে ইসরায়েলি কারাগারে অমানবিক পরিস্থিতিতে রাখা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে প্রতিবেদনটিতে।