ভিক্ষুকের কাছে পাওয়া গেল ৫৫ লাখ টাকা

গ্রেপ্তার নারী সংগৃহীত অর্থ বিদেশি মুদ্রায় রূপান্তর করতেনফাইল ছবি: রয়টার্স

জর্ডানের রাজধানী আম্মানে ভিক্ষা করছিলেন এক নারী। তাঁকে আটক করে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ নগদ অর্থ। তাঁর কাছে পাওয়া গেছে প্রায় ৪৬ হাজার ৬০০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৫ লাখ টাকা।

গত বুধবার জর্ডানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেত্রার প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর বাণিজ্যিক এলাকায় ভিক্ষা করার সময় ওই নারীকে গ্রেপ্তার করা হয়। সমাজ উন্নয়ন মন্ত্রণালয়ের ভিক্ষাবিরোধী দল ও জননিরাপত্তা অধিদপ্তরের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন।

কর্তৃপক্ষের ভাষ্যমতে, ওই নারী আগে থেকেই নিয়মিত ভিক্ষা করতেন। প্রতিদিন ভিক্ষা করে পাওয়া অর্থ তিনি জমিয়ে রাখার পাশাপাশি বিভিন্ন বিদেশি মুদ্রায় তা রূপান্তর করতেন। এভাবে তাঁর কাছে বিপুল অর্থ জমা হয়েছিল।

তবে ওই নারী ঠিক কত দিন ধরে ভিক্ষা করে আসছিলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। তা ছাড়া ওই নারীর জাতীয়তা সম্পর্কেও তারা কিছু বলেনি। আইনি ব্যবস্থা নিতে ওই ভিক্ষুককে সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

এই ঘটনার পর জর্ডানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয় রাস্তায় ভিক্ষা করা ব্যক্তিদের সরাসরি অর্থ না দেওয়ার আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয় নাগরিকদের সতর্ক করে বলেছে, ভিক্ষুকদের কেউ কেউ অসুস্থতা বা চরম আর্থিক সংকটে থাকার কথা বলে মানুষের সহানুভূতি আদায় করেন।

অসহায় মানুষকে সাহায্য করতে চাইলে অনুমোদিত দাতব্য সংস্থার মাধ্যমে অর্থ দেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি সন্দেহজনক ভিক্ষাবৃত্তির ঘটনা কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। দেশজুড়ে ভিক্ষাবৃত্তি বন্ধে ভিক্ষাবিরোধী দলগুলো নিয়মিত অভিযান চালাচ্ছে বলেও জানিয়েছে জর্ডানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয়।