দক্ষিণ ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা

সেন্টকমের প্রকাশ করা ছবিতে ইরানে হামলায় অংশ নেওয়া একটি মার্কিন যুদ্ধবিমানফাইল ছবি: এএফপি

দক্ষিণ ইরানে বিভিন্ন লক্ষ্যবস্তুতে মঙ্গলবার নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে দুই দেশের পাল্টাপাল্টি হামলা নতুন করে বড় ধরনের সংঘাতের দিকে মোড় নেবে না বলে যে আশা তৈরি হয়েছিল, তা ফিকে হয়ে গেল।

গত জুলাই মাসের পর রোববার রাতে প্রথমবার দুই দেশের সরাসরি পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে ‘কঠোর’ আঘাত হানার হুমকি দিয়েছিলেন।

মার্কিন সেন্ট্রাল কমান্ড এক্সে দেওয়া এক পোস্টে জানায়, রোববার থেকে মার্কিন বাহিনী ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালানো শুরু করেছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের ওপর আইআরজিসির সাম্প্রতিক হামলাচেষ্টার জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালির উত্তরে অবস্থিত ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ ছাড়া বন্দর আব্বাস, জাস্ক ও সিরিকেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

ইরানের বার্তা সংস্থা ফার্সের বরাত দিয়ে আল–জাজিরা জানিয়েছে, হরমোজগান প্রদেশের উপকূলীয় শহর কুহেস্তাকের একটি আবাসিক এলাকায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

এ ছাড়া দক্ষিণ ইরানে মার্কিন হামলা অব্যাহত রয়েছে এবং এখন পর্যন্ত বন্দর আব্বাস, কেশম দ্বীপ, কোনারাক, চাবাহার, জাস্ক, সিরিক, লাভান ও আসলুয়েহ এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেছেন, এই হামলার জবাবে ইরান যদি পাল্টা আঘাত হানে, তবে তাদের ওপর আরও কঠোর হামলা চালানো হবে।

অবশ্য পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়ে আইআরজিসির এক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের নতুন এ হামলার জন্য অনুশোচনা করবে।