ইরাকে মার্কিন নারী সাংবাদিককে অপহরণ

শেলি কিটলসনছবি: শেলির এক্স থেকে নেওয়া

ইরাকের রাজধানী বাগদাদে গতকাল মঙ্গলবার একজন মার্কিন নারী সাংবাদিককে অপহরণ করা হয়েছে। তাঁকে উদ্ধারে কর্তৃপক্ষ শহরজুড়ে তল্লাশি চালাচ্ছে। দেশটির দুই পুলিশ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও একজন নারী সাংবাদিকের অপহরণের শিকার হওয়ার তথ্য নিশ্চিত করেছে। তবে তিনি কোন দেশের নাগরিক, তা তারা বলেনি।

মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এ ঘটনায় একজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অপহরণের শিকার সাংবাদিককে মুক্ত করার চেষ্টা চলছে।

পরে নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকি পুলিশ কর্মকর্তারা জানান, অপহৃত সাংবাদিকের নাম শেলি কিটলসন।

মধ্যপ্রাচ্যভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম আল–মনিটরের প্রতিবেদনে বলা হয়, শেলি যুক্তরাষ্ট্রের একজন ফ্রিল্যান্স সাংবাদিক। তিনি রোমে থাকেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন যুদ্ধ নিয়ে প্রতিবেদন করেছেন তিনি। আল–মনিটরেও তিনি লিখেছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, বাগদাদে একজন মার্কিন সাংবাদিক অপহৃত হওয়ার খবর সম্পর্কে তাঁরা অবগত। ওয়াশিংটন আগেই এ বিষয়ে সতর্কবার্তা জারি করেছিল।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গ্লোবাল পাবলিক অ্যাফেয়ার্সের সহকারী মন্ত্রী ডিলান জনসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, তাঁরা আগেই এই ব্যক্তিকে সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্ক করে নিজেদের দায়িত্ব পালন করেছেন। তাঁরা যত দ্রুত সম্ভব তাঁকে মুক্ত করতে এফবিআইয়ের সঙ্গে সমন্বয় অব্যাহত রাখবেন।

ডিলান জনসন তাঁর এক্স পোস্টে শেলির নাম উল্লেখ করেননি। মার্কিন নাগরিকদের কোনো কারণেই ইরাক ভ্রমণ না করার পরামর্শ আবার দেন তিনি।

অপহরণের ঘটনাটির বিষয়ে ইরাকি পুলিশ কর্মকর্তারা বলেন, সাধারণ পোশাকে থাকা চার ব্যক্তি শেলিকে জোর করে একটি গাড়িতে তুলে নিয়ে যান। অপহরণকারীদের ব্যবহৃত গাড়িটি বাগদাদের পূর্ব দিকে গেছে। এ কারণে সেদিকে অভিযান জোরদার করা হয়েছে।

২০২৩ সালের মার্চে ইরাকে গবেষণা সফরের সময় যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের একজন ইসরায়েলি বংশোদ্ভূত রুশ শিক্ষার্থীকে ইরান–সমর্থিত শিয়া মিলিশিয়ারা অপহরণ করেছিল। ২০২৫ সালে তাঁকে মুক্তি দেওয়া হয়।