ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের প্রভাব পড়ছে বিশ্বজুড়ে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স এবং জার্মানিসহ বিভিন্ন দেশে ফিলিস্তিনি ও ইসরায়েলের সমর্থনে আলাদা আলাদা বিক্ষোভ হচ্ছে। অনেক দেশে ইহুদি উপাসনালয়সহ স্পর্শকাতর জায়গাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
যুক্তরাজ্য
রোববার লন্ডন পুলিশ বলেছে, হামাসের হামলার পর তারা টহল জোরদার করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মেট্রোপলিটন পুলিশ বলেছে, ইসরায়েল ও গাজা সীমান্তে চলমান সংঘাতসংক্রান্ত কয়েকটি ঘটনা সম্পর্কে আমরা জানতে পেরেছি।
স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান হুঁশিয়ার করে বলেছেন, যুক্তরাজ্যের রাস্তায় ইহুদিবাদের বিরোধিতা কিংবা সন্ত্রাসবাদের প্রশংসা সহ্য করা হবে না।
এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ব্রেভারম্যান লিখেছেন, ‘আমি আশা করি, হামাসের প্রতি সমর্থন প্রদর্শনকারীদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবহার করবে পুলিশ।’
যুক্তরাষ্ট্র
নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, মিয়ামি ও হাউস্টনসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে ইহুদি উপাসনালয়গুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রোববার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নিউইয়র্কের ম্যানহাটানে প্রায় এক হাজার বিক্ষোভকারী জড়ো হন। ইসরায়েলের পক্ষেও কয়েক শ মানুষ পাল্টা বিক্ষোভ করেছেন।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল ম্যানহাটানে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত সমাবেশকে ‘ঘৃণ্য এবং নৈতিকভাবে বিদ্বেষপূর্ণ’ বলে উল্লেখ করেছেন। ইসরায়েলের প্রতি সংহতি জানিয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং নায়েগ্রা ফলসসহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে নীল আর সাদা রঙের আলোতে সাজানোর নির্দেশ দিয়েছেন তিনি।
কানাডা
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে কানাডার মন্ট্রিয়লে বিক্ষোভ সমাবেশ হয়েছে। টিভিতে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ‘ফ্রি প্যালেস্টাইন’ (ফিলিস্তিনকে মুক্ত কর) লেখা পোস্টার হাতে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছিলেন। কেউ কেউ ফিলিস্তিনের পতাকা ওড়াচ্ছিলেন এবং ইসরায়েলকে বর্জনের আহ্বান জানাচ্ছিলেন।
ইহুদি উপাসনালয়, মসজিদসহ ধর্মীয়ভাবে স্পর্শকাতর জায়গাগুলোতে নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছে অটোয়া পুলিশ। এক বিবৃতিতে তারা বলেছে, ঘৃণ্য অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না। এসব ঘটনার পূর্ণ তদন্ত হবে।
ফ্রান্স
ফ্রান্সের বিভিন্ন শহরে ইহুদি উপাসনালয় এবং ইহুদি স্কুলগুলোকে নজরে রেখেছে ফ্রান্স সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন আঞ্চলিক কর্মকর্তাদের কাছে জরুরি ভিত্তিতে বার্তা পাঠিয়েছেন। বার্তায় বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ফ্রান্সের অপারেশন সেন্টিনেলের সদস্যদেরও এ কাজে নিযুক্ত করার আহ্বান জানানো হয়েছে। ২০১৫ সালে সন্ত্রাসী হামলার পর থেকে ফ্রান্সজুড়ে এ বাহিনীকে মোতায়েন করা হয়েছিল।
জেরাল্ড ডারমানিনের বার্তাটি দেখতে পেয়েছে এএফপি। সেখানে তিনি লিখেছেন, ‘গাজা থেকে ইসরায়েলে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে আমি আপনাদের বলব, ফ্রান্সে ইহুদি-অধ্যুষিত এলাকাগুলোতে নজরদারি, নিরাপত্তা ও সুরক্ষা বাড়ান।’
ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্সে সবচেয়ে বেশি ইহুদি থাকে। বিশ্বে সবচেয়ে বেশি ইহুদি বসবাসের দিক থেকে ফ্রান্সের অবস্থান তৃতীয়। দেশটিতে বসবাসকারী ইহুদির সংখ্যা পাঁচ লাখের বেশি।
জার্মানি
জার্মানির রাজধানী বার্লিনে ইহুদি এবং ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোতে পুলিশের উপস্থিতি জোরদার করা হয়েছে। ইসরায়েলে হামাসের হামলা উদ্যাপন করতে কিছুসংখ্যক ফিলিস্তিনি সমর্থক বার্লিনের রাস্তায় নেমে আসার পর এ নির্দেশ দেওয়া হয়েছে।
জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফায়েসের সংবাদপত্র বিল্ডকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বার্লিনে তাৎক্ষণিকভাবে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় সরকার এবং আঞ্চলিক প্রশাসন নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
ইরান
গত শনিবার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে তেহরানের প্যালেস্টাইন স্কয়ারসহ বড় বড় শহরগুলোতে শত শত মানুষ জড়ো হয়েছিল। তাদের হাতে ছিল ফিলিস্তিনি পতাকা।
ইসরায়েলের বিরুদ্ধে হামাস ঘোষিত ‘আল আকসা ফ্লাড’ অভিযানকে সমর্থন জানিয়ে তেহরানে বিলবোর্ড লাগানো হয়েছে। এগুলোর একটিতে লেখা- ‘স্বাধীনতার জন্য বড় অভিযান শুরু’।
কিছু কিছু শহরে আতশবাজির ঝলকানিতে উদ্যাপনের দৃশ্য দেখা গেছে। কোথাও কোথাও ইসরায়েলি পতাকা পোড়ানো হয়েছে।
লেবানন
লেবাননের বৈরুতে রোববার ইরান-সমর্থিত শিয়ারা একটি সমাবেশ করেছেন। তাঁরা স্লোগান দিয়েছেন, ‘ইসরায়েল নিপাত যাক’।
হিজবুল্লাহ বলেছে, হামাসের প্রতি সংহতি জানিয়ে সেবা ফার্মস সীমান্ত এলাকায় ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে গুলি ছুড়েছে তারা।
হিজবুল্লাহর জ্যেষ্ঠ কর্মকর্তা হাশেম সাফিয়েদ্দিন বলেন, ইসরায়েলকে জবাব দিতে এ হামলা চালানো হয়েছে। শত্রুপক্ষ যত দিন আমাদের ভূখণ্ড দখল করে রাখবে, তত দিন তাদের লক্ষ্যবস্তু করাটা আমাদের অধিকার এবং দায়িত্বের মধ্যে পড়ে।
তুরস্ক
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে হাজার হাজার তুর্কি নাগরিক ইস্তাম্বুলের রাস্তায় বিক্ষোভ করেছে। বিক্ষোভ আয়োজনকারী সংগঠনগুলোর একটির সদস্য সাহিন ওকাল। ৫৪ বছর বয়সী এ তুর্কি বলেন, ফিলিস্তিনিরা শুধু তাদের মাতৃভূমির সুরক্ষা দিচ্ছে। এর সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই।
ইয়েমেন
ইয়েমেনের রাজধানী সানায় বিক্ষোভকারীরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতাকা পুড়িয়ে দিয়েছে। সানা শহরটি বর্তমানে ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণে। রাস্তায় বিক্ষোভ করতে নেমে হুতিরা স্লোগান দিচ্ছিলেন ‘আমেরিকা নিপাত যাক, ইসরায়েল নিপাত যাক’।
ইরাক
ইসরায়েলে হামাসের হামলা উদ্যাপন করতে গত শনিবার ইরাকের রাজধানী বাগদাদের প্রাণকেন্দ্রে বিক্ষোভ করেছেন তাঁরা। তাঁরা ইসরায়েলি পতাকা পুড়িয়ে দিয়েছেন। তাঁরা স্লোগান দিচ্ছিলেন, ‘আমেরিকাকে না, ইসরায়েলকে না’।
এ ছাড়া ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আল কুদস মসজিদে কয়েক শ মুসলিম জড়ো হয়েছিলেন।