উচ্চপর্যায়ে তদন্তের সিদ্ধান্ত পেন্টাগনের

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনফাইল ছবি: এএফপি

ইরানে মেয়েদের একটি স্কুলে ভয়াবহ ও প্রাণঘাতী বোমা হামলার ঘটনা আরও উচ্চপর্যায়ে তদন্ত করবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গত শুক্রবার মার্কিন সামরিক বাহিনী এ তথ্য জানায়। প্রাথমিক তদন্তে ওই হামলায় মার্কিন বাহিনী জড়িত থাকার ইঙ্গিত পাওয়ার পর এই সিদ্ধান্তের কথা জানাল যুক্তরাষ্ট্র।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাব শহরে একটি প্রাথমিক বিদ্যালয় ভবনে হামলায় ১৬৮ শিশুশিক্ষার্থী প্রাণ হারায়। যদি প্রমাণিত হয় যুক্তরাষ্ট্রই এই হামলা চালিয়েছে, তাহলে তা হবে মধ্যপ্রাচ্যে কয়েক দশক ধরে চালানো মার্কিন হামলায় সবচেয়ে বেশি বেসামরিক প্রাণহানির ঘটনাগুলোর একটি।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন, উচ্চপর্যায়ের সামরিক কর্মকর্তাদের মাধ্যমে এ হামলার তদন্ত করা হবে। মধ্যপ্রাচ্যের দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কমান্ডের (সেন্টকম) বাইরে অন্য কমান্ডে থাকা কর্মকর্তাদের এই হামলার ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর তিনজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ যে তদন্তের কথা বলেছেন, সেটি মূলত একটি প্রশাসনিক একটি তদন্ত, যাকে ‘১৫-৬ তদন্ত’ বলা হয়। প্রয়োজন হলে এ তদন্তের ফলাফলের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া যেতে পারে।