বিক্ষোভের খবর প্রকাশ করায় ইরানের ইতেমাদ-এর প্রধান সম্পাদক নিষিদ্ধ
ইরানের সংস্কারপন্থী পত্রিকা ইতেমাদ-এর প্রধান সম্পাদক (এডিটর-ইন-চিফ) বেহরোজ বেহজাদিকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এই সময় তিনি কোনো ধরনের সাংবাদিকতা করতে পারবেন না। পত্রিকাটি আজ শনিবার জানায়, গত বছর দেশজুড়ে বিক্ষোভের খবর প্রচার করায় প্রধান সম্পাদককে নিষিদ্ধ করা হয়েছে।
প্রসিকিউটর দপ্তরের সিদ্ধান্তের বরাত দিয়ে ইতেমাদের খবরে বলা হয়, বেহরুজ বেহজাদির বিরুদ্ধে ‘মিথ্যা প্রতিবেদন প্রকাশের’ অভিযোগ আনা হয়েছে। ইরানিয়ান রেভল্যুশনারি গার্ডস কর্পস-এর তেহরান শাখা ওই অভিযোগ করেছিল।
ইতেমাদ জানায়, এই অভিযোগের পেছনে মূল কারণ গত অক্টোবরে একজন বিজ্ঞানীকে ‘অপহরণ’ এবং মাশা আমিনির নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ আন্দোলনে যাঁদের সমর্থন ছিল, সেসব শিল্পীকে ‘নিষিদ্ধ ও গ্রেপ্তার’-এর বিস্তারিত প্রকাশ করেছিল পত্রিকাটি। এতেই ক্ষুব্ধ হয়ে এ অভিযোগ আনা হয়।
পত্রিকাটি আজ শনিবারের সংস্করণে প্রায় ৮০ বছর বয়সী বেহজাদিকে উদ্ধৃত করে জানায়, আদালত প্রথমে তাঁকে কারাদণ্ড দিয়েছিলেন। কিন্তু পরে তাঁকে এক বছরের জন্য কাজ থেকে বরখাস্ত করা হয়।
গত সেপ্টেম্বরে পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ-প্রতিবাদ শুরু হয়।
এ সময় শতাধিক ব্যক্তি নিহত নন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন নিরাপত্তাকর্মীও রয়েছেন। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে হাজারো মানুষকে।
গত জানুয়ারিতে ইতেমাদ এক খবরে বলেছিল, বিক্ষোভের সময় গ্রেপ্তার হাজারো মানুষের মধ্যে ৮০ জন সাংবাদিকও রয়েছেন।