ইসরায়েলি অভিযান চলছেই, তিন হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত
দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলের সামরিক অভিযান আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো অব্যাহত ছিল। এই অভিযানে নিহত ফিলিস্তিনির সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে। অভিযানের মুখে জেনিন শরণার্থীশিবির ছেড়েছেন প্রায় তিন হাজার ফিলিস্তিনি।
গতকাল সোমবার দিনের শুরুতে এই অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। বেনিয়ামিন নেতানিয়াহুর উগ্র ডানপন্থী সরকার ক্ষমতায় আসার পর কয়েক বছরের মধ্যে পশ্চিম তীরে এ ধরনের বড় অভিযান চালানো হলো।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলা শুরুর পর এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০০ জন। জেনিনের ডেপুটি গভর্নর কামাল আবু আল-রউফ বলেছেন, প্রায় তিন হাজার মানুষ শরণার্থীশিবির ছেড়েছেন।
ইসরায়েলের ভাষ্য, জেনিনে ফিলিস্তিনি যোদ্ধাদের আস্তানা লক্ষ্য করে এ অভিযান চালানো হচ্ছে। ড্রোন হামলার পাশাপাশি অভিযানে সাঁজোয়া যান, সামরিক বুলডোজার ব্যবহার করা হচ্ছে।
আজ সকালে জেনিনের দোকানপাট ছিল বন্ধ। খুব কম লোকজনকে চলাচল করতে দেখা গেছে। আগের দিন ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি যোদ্ধাদের লড়াইয়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা ও বিদ্যুতের তার রাস্তায় পড়ে ছিল। ড্রোন ওড়ার শব্দ পাওয়া যাচ্ছিল।
জেনিন শরণার্থীশিবিরে প্রায় ১৮ হাজার ফিলিস্তিনির বসবাস। অভিযানের সময় সেখানকার সড়কগুলো খুঁড়ে ফেলে ইসরায়েলি সেনাবাহিনীর বোমাবিরোধী বুলডোজার।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সোমবার দিবাগত রাতেও জেনিনে ‘সন্ত্রাসবাদবিরোধী কর্মকাণ্ড’ অব্যাহত ছিল। শরণার্থীশিবিরে মাটির নিচে বিস্ফোরক রাখার একটি স্থাপনা ধ্বংস করতে কাজ করে যাচ্ছে তাদের বাহিনীগুলো। গতকালের বিবৃতিতে বলা হয়, ‘এ ছাড়া ওই এলাকায় সন্ত্রাসী সংগঠনগুলোর দুটি অপারেশনাল সিচুয়েশন রুম শনাক্ত ও ধ্বংস করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)।’
ইসরায়েলি সেনাবাহিনী আরও দাবি করেছে, ইসরায়েলি লক্ষ্যবস্তু ও অন্যান্য স্থাপনায় কথিত হামলাকারীদের একটি আস্তানায়ও হামলা চালানো হয়েছে। অভিযান শুরুর পর সন্দেহভাজন ১২০ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। জেনিনে আরও প্রায় ৩০০ ‘সশস্ত্র সন্ত্রাসী’ রয়েছে; তাদের অধিকাংশই গা ঢাকা দিয়েছে।
সর্বশেষ বড় ধরনের এই অভিযানের আগেই পশ্চিম তীরের উত্তরাঞ্চলে অভিযান জোরদার করেছিল ইসরায়েল। ওই এলাকায় ইসরায়েলিদের ওপর হামলার পাশাপাশি ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইহুদি বসতি স্থাপনকারীদের একের পর এক সহিংসতার ঘটনা ঘটছিল।
গত বছর ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতা বাড়তে থাকে। উগ্র ডানপন্থীদের নিয়ে গঠিত নেতানিয়াহুর সরকার দায়িত্ব নেওয়ার পর সহিংসতা আরও তীব্রতর হয়।
হাসপাতাল মর্গে দায়িত্বরত নার্স কাসেম বেনিহাদের বলেন, গত পাঁচ বছরের মধ্যে এটি সবচেয়ে মারাত্মক অভিযান। হাসপাতালে নিয়ে আসা লোকজনের অনেকেই গুলিবদ্ধ ও বিস্ফোরণে জখম হয়েছেন।
জেনিনের ইবনে সিনা হাসপাতালের চিকিৎসক তৌফিক আল-শোবাকি বলেন, দেরিতে হাসপাতালে আনায় রোগীদের মৃত্যু হচ্ছে। তাদের কাউকে হয় মৃত কিংবা গুরুতর আহত অবস্থায় আনা হচ্ছে। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী শরণার্থীশিবিরের আশপাশের সড়ক খুঁড়ে ফেলায় যান চলাচল কঠিন হয়ে পড়েছে।