ফিলিস্তিনে চার দিন ধরে হামলা চলছে
ইসরায়েলের যুদ্ধবিমান থেকে গাজা উপত্যকায় লক্ষ্যবস্তুতে ক্রমাগত আঘাত হানা হচ্ছে। ফিলিস্তিনিরাও ইসরায়েলি এলাকা লক্ষ্য করে রকেট নিক্ষেপ করছে। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ পরিস্থিতি চার দিনে গড়িয়েছে। শুক্রবার অবশ্য দুই পক্ষ থেকে কোনো হতাহতের তথ্য জানানো হয়নি। বিদেশি মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আল–জাজিরার সাংবাদিক ইউলেম মারক্স ইসরায়েলি আশকেলন শহরে রয়েছেন। তিনি বলেন, ওই এলাকায় নাগরিকদের রকেট হামলার আশঙ্কায় সতর্ক করে সাইরেন বাজানো হচ্ছে। গাজা উপত্যকা থেকে ওই এলাকায় ২৪টির বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে। এ সপ্তাহে ইসরায়েলকে লক্ষ্য করে ৮০০টির বেশি রকেট হামলা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে, ওই এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নেওয়া হচ্ছে।
ইসরায়েলের ওই এলাকায় যুদ্ধবিমান উড়ছে। ইসরায়েলের পক্ষ থেকে গাজায় বিমান হামলা চালানো হচ্ছে। গত কয়েক দিনের এই হামলায় গাজায় ৩১ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ রকেট হামলায় নিহত হয়েছেন।
মারক্স বলেন, শুক্রবার সেনা ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ বৈঠকে ইসরায়েলি বাহিনী সামনে কীভাবে অগ্রসর হবে, তা ঠিক হওয়ার কথা।
দক্ষিণ জেরুজালেমের বাত আইন এলাকায় ইসরায়েলি বসতি স্থাপন করা হয়েছে। সেখানকার মুখপাত্র জস হ্যাসটেন বলেন, গতকাল রকেট এসে খোলা জায়গায় পড়ে। এ সময় অনেকেই গাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশে লুকিয়ে পড়েন। এ সময় সাইরেন বাজতে থাকে।
গাজাভিত্তিক ‘জয়েন্ট অপারেশনস রুম’ নামে ফিলিস্তিনের একটি উপদল ওই রকেট হামলার কথা স্বীকার করেছে। তাদের দাবি, ফিলিস্তিনি জনগণের ওপর আগ্রাসন ও হত্যার জবাবে তারা এ হামলা চালিয়েছে।
আল-জাজিরার সাংবাদিক উমনা আল-সায়েদ বলেন, জুমার নামাজ পড়তে লোকজন বের হলেও ইসরায়েলি বাহিনীর হামলার আশঙ্কা ছিল তাঁদের মনে। তিনি বলেন, ‘এখানে ক্রমাগত আতঙ্ক ছড়াচ্ছে। জুমার নামাজের পর সবাই ঘরে ঢুকে পড়েন। কারণ, জনগণকে কিছুদিন ধরে লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েলি বাহিনী।’
গাজার ডেইর আল-বালাহ এলাকার বাসিন্দা বেলাল বাশির বলেন, ‘আমাদের শিশু ও সন্তানদের জন্য যে স্বপ্ন দেখেছিলাম, তা শেষ হয়ে গেছে।’ গত বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তাঁর ঘরবাড়ি।
বেলাল বাশির বলেন, ‘যেসব ফিলিস্তিনির বাড়িতে হামলা করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, আমাদের অবস্থা তাদের মতোই। যাদের বছরের পর বছর ধরে দেখা স্বপ্ন ধ্বংস করে দেওয়া হয়েছে।’
চিৎকার শুনে তাঁরা বাড়ির বাইরে বেরোতে না পারলে বেলাল বাশির ও তাঁর পরিবার মারা যেত। তিনি বলেন, ‘আমাদের বাড়িতে হামলার জন্য লক্ষ্যবস্তু বানানো হয়েছিল, এটা ভেবে ধাক্কা খেয়েছি।’
গত সোমবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালানো শুরু করে ইসরায়েল। সোমবারের ওই হামলায় ১২ জন নিহত হন। ইসরায়েলি বাহিনীর দাবি, তারা ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের (পিআইজে) আস্তানা লক্ষ্য করে হামলা চালিয়েছে। পিআইজে বলেছে, ইসরায়েলি হামলায় তাদের তিন নেতা জিহাদ আল-ঘান্নাম, খলিল আল-বাহতিনি ও তারিক উজ আল-দীন নিহত হয়েছেন। হামলায় নিহত হয়েছেন এসব নেতার স্ত্রী-সন্তানেরাও।
মঙ্গলবার ইসরায়েলি বাহিনী দাবি করে, ইসলামিক জিহাদের পাঁচ নেতা নিহত হয়েছেন। এ হামলার জবাবে ইসলামিক জিহাদ ইসরায়েলে ঘনবসতি এলাকা লক্ষ্য করে কয়েক শ রকেট ছোড়ে।
ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করে, তারা গাজার ২১৫টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
যুদ্ধবিরতি নিয়ে আলোচনা
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে কাজ করছে মিসর, কাতার ও জাতিসংঘ। ২০০৭ সাল থেকে গাজা হামাসের নিয়ন্ত্রণে রয়েছে। ২৩ লাখ মানুষের বসবাস সেখানে। এসব ফিলিস্তিনির ৪৫ শতাংশ বেকার। আর ৮০ শতাংশ আন্তর্জাতিক সহায়তার ওপর পুরোপুরি নির্ভরশীল। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার মিসরের পক্ষ থেকে হামাস ও ইসলামিক জিহাদের নেতাদের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে যোগাযোগ করা হয়। এ আলোচনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামিক জিহাদ।
ইসলামিক জিহাদের জ্যেষ্ঠ কর্মকর্তা ইহসান আতায়া বলেন, মধ্যস্থতাকারীরা কোনো বিষয়ে নিশ্চয়তা দিতে পারছেন না। তাঁদের দাবি হচ্ছে, কাউকে লক্ষ্য করে হত্যার নীতি থেকে সরে আসতে হবে ইসরায়েলকে।
শিরিন আবু আকলেহ হত্যায় ক্ষমা চাইল ইসরায়েল
মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, আল–জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহর মৃত্যুতে প্রথমবারের মতো ক্ষমা চেয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। বৃহস্পতিবার কানেক্ট দ্য ওয়ার্ল্ডে সিএনএনের এলেনি জিওকোসকে দেওয়া সাক্ষাত্কারে প্রতিরক্ষা বাহিনীর প্রধান মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি ওই ঘটনায় ক্ষমা চান। গত বছরের ১১ মে দখল করা পশ্চিম তীরের জেনিনে একটি শরণার্থীশিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় সাংবাদিক আবু আকলেহকে গুলি করে হত্যা করা হয়। ওই সময় ৫১ বছর বয়সী আকলেহ পেশাগত দায়িত্ব পালন করছিলেন এবং তাঁর জ্যাকেট ও হেলমেটে ‘প্রেস’ লেখা ছিল।