আইএইএর নজরদারি নিয়ন্ত্রণ করছে ইরান
ইরানের পরমাণু কর্মসূচিতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) নজরদারির বিষয়ে সম্মত হওয়ার পর আবার পিছু হটল তেহরান। দেশটি গতকাল মঙ্গলবার জানিয়েছে, তেহরানের পরমাণু কর্মসূচি পরিদর্শনের যে সুযোগ আইএইএর ছিল, তার ওপর নিয়ন্ত্রণ আরোপ শুরু হয়েছে। খবর এএফপির।
ইরানের ওপর যুক্তরাষ্ট্র যেসব অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা প্রত্যাহারে সময় বেঁধে দিয়েছিল তেহরান। কিন্তু এই সময়সীমার মধ্যে যুক্তরাষ্ট্র তা পূরণে ব্যর্থ হওয়ায় এমন সিদ্ধান্ত নিল তেহরান।
এদিকে আইএইএর পরিদর্শন কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপের আগে এ নিয়ে তেহরানে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে গত রোববার। আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, ওই আলোচনায় তাঁরা সম্মত হয়েছেন, ২০১৫ সালে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স ও জার্মানি যে পারমাণবিক চুক্তি করেছে, সেই চুক্তি পুনর্বাস্তবায়নে ‘রাজনৈতিক আলোচনা’ চলাকালে ‘ইচ্ছেমতো’ ইরানের পরমাণূ কর্মসূচি পর্যবেক্ষণ করতে পারবে না সংস্থাটি।
এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, নতুন এই আইন কার্যকর করা হয়েছে গতকাল সকাল থেকেই।
তবে ইরানের প্রতি আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, আইএইএর চাহিদা অনুযায়ী যাচাই–বাছাই পূর্ণ করবে তেহরান এবং এ ছাড়া পারমাণবিক কর্মসূচি বিস্তার রোধে যেসব প্রতিশ্রুতি ইতিপূর্বে দেশটি দিয়েছে, তা–ও পূরণ করবে তেহরান। আলোচনা চলাকালে পারমাণবিক চুক্তি অনুসারে এসব শর্ত পূরণ করবে ইরান। এ ছাড়া রাফায়েল গ্রোসির কূটনৈতিক তৎপরতার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে বাকি দেশগুলোর মধ্যে পারমাণবিক চুক্তি হয়, যা জয়েন্ট কম্প্রিহেনসিভ অ্যাকশন প্ল্যান (জেসিপিওএ) নামে পরিচিত। কিন্তু ওবামার পর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ২০১৮ সালের মে মাসে এই চুক্তি থেকে বেরিয়ে যায় এবং ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ঘোষণা দেয়। তবে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন এই চুক্তিতে ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন। ফলে নতুন করে কূনৈতিক তৎপরতা শুরু হয়েছে।