আবারও জ্ঞানের আলো ছড়াবে আইএসের ধ্বংস করা পাঠাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইএসের তাণ্ডবের প্রাক্কালে মসুল বিশ্ববিদ্যালয় পাঠাগার থেকে দুষ্প্রাপ্য বইগুলো নিরাপদে সরিয়ে নেওয়া হয়
ছবি: এএফপি।

ইরাকের মসুল বিশ্ববিদ্যালয়ের পাঠাগার ছিল এককালে দুষ্প্রাপ্য সব বই-পুস্তক আর নথিপত্রের ভান্ডার। পাঠাগারের তাকভর্তি লাখো বই ছড়াত জ্ঞানের আলো। এ চিত্র বেশ আগের। ২০১৪ সালে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হাতে মসুল শহরের পতন হয়। নেমে আসে দুর্দিন। আইএস জঙ্গিরা পাঠাগারটি পুরোপুরি তছনছ করে ছাড়ে। খবর এএফপির

বছর কয়েক আইএসের দখলে ছিল মসুল। ২০১৭ সালে শহরটি জঙ্গিমুক্ত হয়। শুরু হয় দিনবদল। সংস্কৃতিসমৃদ্ধ মসুল ফিরে পেতে শুরু করে পুরোনো রূপ। সেই ধারাবাহিকতায় আইএস হটানোর প্রায় পাঁচ বছর পর আবারও চালু হতে যাচ্ছে মসুল বিশ্ববিদ্যালয়ের পাঠাগারটি।

৩২ হাজার বই নিয়ে নতুনভাবে চালু হচ্ছে মসুল বিশ্ববিদ্যালয় পাঠাগার
ছবি: এএফপি

আইএসের হাত থেকে মসুল উদ্ধারের পর পাঠাগারটি ঘুরে দেখেন সেটির টেকনিক্যাল ডাইরেক্টর মোহাম্মদ ইউনুস। পাঠাগারটিকে ঘিরে জঙ্গি সংগঠনটির তাণ্ডবের বর্ণনা দিয়েছেন তিনি। ইউনুসের ভাষ্য, তাক থেকে বইগুলো বের করে মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে রাখা ছিল। আইএসের আদর্শের সঙ্গে যায় না এমন হাজারো বই পুড়িয়ে ফেলা হয়। মূল্যবান অনেক বই আবার কালোবাজারেও বিক্রি করে জঙ্গিরা।

ইউনুস জানান, আগে পাঠাগারটিতে ১০ লাখের বেশি বই ছিল। এর মধ্যে এমন অনেক বই ছিল যেগুলো ইরাকের আর কোনো বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাবে না। আইএসের হামলার প্রাক্কালে শুধু দুষ্প্রাপ্য বই এবং বিদেশি কিছু সাময়িকী নিরাপদে সরিয়ে নেওয়া হয়। জঙ্গিদের তাণ্ডবে পাঠাগারটির ৮৫ শতাংশ সংগ্রহ ধ্বংস হয়ে গেছে।

হিসাবনিকাশ ঠিক থাকলে চলতি মাসেই চালু হবে মসুল বিশ্ববিদ্যালয়ের পাঠাগারটি। কাচে মোড়া চারতলা পাঠাগার ভবনটিতে প্রাথমিকভাবে স্থান পাবে ৩২ হাজার বই। অনলাইনে বই পড়ার জন্য রাখা হয়েছে ই-বুকের ব্যবস্থাও।

পাঠাগারটি পুনরায় চালুর পেছনে অবদান রয়েছে অনেকেরই। এ কাজে অনুদান দিয়ে সহায়তা করেছে জাতিসংঘের একটি সংস্থা থেকে শুরু করে আন্তর্জাতিক নানা বিশ্ববিদ্যালয়। আর পাঠাগারের জন্য নিজেদের সংগ্রহশালার বই নিয়েও এগিয়ে এসেছেন মসুলসহ ইরাকের অনেক ব্যক্তি।

ইরাকের প্রাচীন শহরগুলোর মধ্যে ঐতিহাসিকভাবে খ্যাতি রয়েছে মসুলের। বণিক থেকে শুরু করে অভিজাত শ্রেণির আনাগোনা ছিল এই শহরে। মধ্যপ্রাচ্যে বাণিজ্যের একটি পথ হওয়ায় হাজারো দুষ্প্রাপ্য ও প্রাচীন নিদর্শন রয়েছে শহরটির সংগ্রহে। ১৯ শতকের শেষের ভাগে সেখানে ইরাকের প্রথম ছাপাখানাও চালু করা হয়।