আল–জাজিরার সাংবাদিককে আটকের পর ছেড়ে দিয়েছে ইসরায়েলি পুলিশ
আটকের কয়েক ঘণ্টার মধ্যে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সাংবাদিক গিভারা বুদেইরিকে ছেড়ে দিয়েছে ইসরায়েলের পুলিশ। গত শনিবার পূর্ব জেরুজালেমের পাশে শেখ জারাহে চলমান বিক্ষোভের খবর সংগ্রহের সময় তাঁকে আটক করা হয়েছিল। মুক্তির পর ইসরায়েলি পুলিশের বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ এনেছেন বুদেইরি।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বুদেইরি তাদের জেরুজালেম প্রতিনিধি। আল-জাজিরার আরবি শাখায় কাজ করেন। শনিবার পেশাগত দায়িত্ব পালনের সময় তাঁকে আটক করে নিয়ে যায় ইসরায়েলি পুলিশ। এ সময় আল-জাজিরার ক্যামেরাম্যান নাবিল মাজ্জাওয়ির সঙ্গে থাকা ক্যামেরা ভাঙচুর করা হয়েছে। ওই সময় নাবিল বুদেইরির সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করছিলেন।
পেশাগত কাজ করতে গিয়ে নারী সাংবাদিককে আটকের ঘটনায় তীব্র নিন্দা জানায় অধিকার সংগঠনগুলো। পরে কয়েক ঘণ্টার মধ্যে বুদেইরিকে ছেড়ে দেয় ইসরায়েলি পুলিশ। মুক্তি পেয়ে তিনি বলেন, ‘তারা (পুলিশ) চারপাশ থেকে ছুটে এসেছিল। আমি জানি না কেন তারা আমাকে একটি দেয়ালের পাশে ছুড়ে ফেলে। এরপর তারা আমাকে টানাহেঁচড়া করে একটি গাড়িতে তোলে। আমাকে লাথি মারে।’
বুদেইরি ২০০০ সাল থেকে আল-জাজিরায় কাজ করছেন। আটকের সময় তাঁর পরনে ‘গণমাধ্যম’ লেখা জ্যাকেট ছিল। এমনকি তাঁর সঙ্গে ইসরায়েলি সরকারের প্রেস অফিস (জিপিও) থেকে দেওয়া আইডি কার্ড ছিল। ওই সময় তিনি ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের দখলদারি স্মরণে আয়োজিত নাকবা দিবসের ৫৪তম বার্ষিকীর একটি মিছিলের খবর সংগ্রহ করছিলেন।
পরে গণমাধ্যম লেখা জ্যাকেট খুলে, চোখ বেঁধে তাঁকে সেখানকার একটি থানায় নেওয়া হয়। বুদেইরি বলেন, আটকের পর একজন অপরাধীর সঙ্গে যেমন আচরণ করা হয়, তাঁর সঙ্গেও তেমন আচরণ করেছে পুলিশ। আগামী ১৫ দিন শেখ জারাহে যেতে পারবেন না, এমন শর্তে মুক্তি দেওয়া হয়েছে তাঁকে।
বুদেইরির আটকের বিষয়ে আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্কের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোস্তেফা সোউয়াগ বলেন, কয়েক সপ্তাহ ধরে জেরুজালেম কিংবা গাজা উপত্যকায় ইসরায়েলি কর্তৃপক্ষ নিয়মিত সাংবাদিকদের সঙ্গে সন্ত্রাসীদের মতো আচরণ করছে।
আন্তর্জাতিক রীতি ও নিয়ম ভেঙে সাংবাদিকদের লক্ষ্যবস্তু বানিয়েছে। এ ঘটনাকে ‘অত্যন্ত আতঙ্কজনক’ বলে নিন্দা জানিয়েছে ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট।
এদিকে রিপোর্টার্স উইদাউট বর্ডারসের মুখপাত্র সাবরিনা বেনোউই এ ঘটনাকে ‘জঘন্য ও অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত কয়েক সপ্তাহে ইসরায়েলি বাহিনী দায়িত্ব পালনের সময় অন্তত ১৪ জন ফিলিস্তিনি সংবাদকর্মীকে আটক করেছে।