ইউরোপে আরও জ্বালানি সরবরাহে আগ্রহী কাতার
রাশিয়ার ইউক্রেন হামলার প্রতিক্রিয়ায় তেলের বাজার অস্থিতিশীল। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোকে তেল ও গ্যাসের জন্য ভিন্ন উৎসের সন্ধান করতে হচ্ছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যোগাযোগ করে তেলের উৎপাদন বাড়ানোর অনুরোধ করা হয়। কিন্তু এ দুটি দেশের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি। খবর রয়টার্সের।
রয়টার্স বলছে, রাশিয়ার ইউক্রেন হামলার ঘটনায় গ্যাস রপ্তানিকারক দেশ কাতারের জন্য পশ্চিমা দেশগুলোর সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে।
কাতার বলেছে, তারা রাশিয়া ও ইউক্রেন ইস্যুতে নিরপেক্ষ অবস্থানে থাকবে। তবে পশ্চিমা মিত্রদের রাজনৈতিক ও অর্থনৈতিক সমর্থন দেওয়ার বিষয়টিও তাদের প্রতিক্রিয়ার মাধ্যমে বুঝিয়ে দিয়েছে।
রাশিয়ার ওপর তেল ও গ্যাসের নির্ভরতা কমানোর জন্য ইউরোপের অনেক প্রতিষ্ঠান জরুরিভাবে বিকল্প খুঁজে বেড়াচ্ছে। কাতার বলছে, ভবিষ্যতে ইউরোপে আরও গ্যাস পাঠাতে পারবে তারা।
ইউক্রেনে সংঘাতের কারণে অপরিশোধিত তেলের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে। পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে দ্রুত তেল উৎপাদন বাড়ানোর আহ্বান জানানো হয়। কিন্তু তারা এ ক্ষেত্রে নেতিবাচক মনোভাব দেখিয়েছে।
সাম্প্রতিক সময়ে কাতারের সঙ্গে ওয়াশিংটনের দহরম-মহরম বাড়লেও আরব বিশ্বের শক্তিধর দুই দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে ওয়াশিংটনের মনোমালিন্য বেড়েছে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কাতারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমানঘাঁটি রয়েছে। গত মাসে দেশটি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বাইরে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্রের মর্যাদা পায়। অন্যদিকে কাতারকে চক্ষুশূল হিসেবে দেখা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ওয়াশিংটনের এত ঘনিষ্ঠ হতে পারেনি।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি গত সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে আলোচনা করেছেন। তাঁরা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির বিষয়টি নিয়ে আলোচনা করেন। দোহা ইরানের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ভূমিকা রাখছে।
এদিকে আজ রোববার কাতার সফরে এসেছেন জার্মানির অর্থনীতিবিষয়ক মন্ত্রী রবার্ট হ্যাবেক। তাঁকে স্বাগত জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তাঁদের বৈঠকে জ্বালানি খাত ছাড়াও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে।
ইউক্রেন সংঘাত শুরুর পর থেকে জার্মানি লিকুয়িফায়েড ন্যাচারাল গ্যাসের (এলএনজি) ভিন্ন উৎস খুঁজতে। রাশিয়ার ওপর থেকে জ্বালানি-নির্ভরতা কমাতে বিভিন্ন দিকে ছুটতে হচ্ছে ইউরোপের শক্তিশালী দেশটিকে।