ইরাক-সিরিয়ায় মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে সিরিজ হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রয়টার্স ফাইল ছবি

ইরাক ও সিরিয়ায় মার্কিন কূটনৈতিক ও সেনাদের লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় তিনটি রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইরাকের কর্মকর্তারা। স্থানীয় সময় গতকাল বুধবার এ হামলার ঘটনা ঘটে। রয়টার্সের খবরে জানানো হয়েছে, ইরাকে মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে চালানো রকেট হামলায় দুজন মার্কিন কর্মকর্তা আহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেননি। বিশ্লেষকেরা বলছেন, ইরানসমর্থিত মিলিশিয়ারা এ হামলা চালাতে পারেন।

গত মাসে ইরাক-সিরিয়া সীমান্তে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানসমর্থিত ইরাকি মিলিশিয়াদের চারজন নিহত হন। এরপরই মিলিশিয়ারা পাল্টা শোধ নেবেন বলে হুঁশিয়ারি দেন।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কর্নেল ওয়ানে মারোট্টো বলেছেন, ইরাকের পশ্চিমাঞ্চলে এইন-আল-আসাদ বিমানঘাঁটিতে রকেট হামলায় দুজন সামান্য আহত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা বলেছেন, আহত দুজন মার্কিন কর্মকর্তা।

ইরাকের নিরাপত্তা বাহিনী রয়টার্সকে জানিয়েছে, স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ভোরে বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাসে দুটি রকেট হামলা চালানো হয়েছে।
পেন্টাগন বলেছে, সিরিয়ার পূর্বাঞ্চলে ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের সেনাসদস্যদের কেউ আহত হননি। কোনো ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি।

ইরাকের উত্তরাঞ্চলে এরবিল বিমানবন্দরে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে স্থানীয় সময় গত মঙ্গলবার ড্রোন হামলা চালানো হয়। এ ছাড়া এইন আল আসাদে গত সোমবার তিনটি রকেট হামলা হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।