মিলিশিয়াদের দাপট কমিয়ে কক্ষপথে ফিরবে ইরাক?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিলিশিয়ার অধিকাংশই সশস্ত্র শিয়া গোষ্ঠী, তাদের বেশ কয়েকটির উত্থান ঘটেছিল আইএস জঙ্গিদের হটাতে।
ছবি : রয়টার্স

সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করার পর থেকে কঠিন সময় পার করেছে ইরাক। রক্তে ভেজা দেশটি গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছিল। এখন সেই পরিস্থিতি থেকে ফিরতে শুরু করেছে। আগামী অক্টোবরে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে দেশটি। কিন্তু নাগরিকদের মধ্যে নেই কোনো উৎসাহ। অনেক ইরাকি নাগরিক বলছেন, তাঁরা ভোট নিয়ে বিরক্ত। তাঁদের প্রশ্ন হচ্ছে ভোট দিয়ে লাভ কী? নির্বাচিত কোনো সরকার কি দেশ চালাতে পারবে? রাজনীতিবিদেরা যখন অপ্রয়োজনীয় ও দুর্নীতিবাজ, আর দেশটি যখন চলছে মিলিশিয়া, বিভিন্ন গোষ্ঠী, গোত্রপতি ও বিদেশি শক্তির মাধ্যমে, তখন ভোটের মূল্য কী?

তবু ইরাক নিয়ে আশা করার কারণ আছে। এর মধ্যে অন্যতম কারণ হলো আগের তুলনায় দেশটিতে সহিংসতা কমে এসেছে। ২০১৪ সালে দেশটির এক-তৃতীয়াংশের নিয়ন্ত্রণ ছিল ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর হাতে। তারা নারীদের ওপর নির্যাতন আর মানুষকে খাঁচায় বন্দী করে পুড়িয়ে মারত। ২০১৭ সালে আইএসের ওই রাজত্ব ধ্বংস করার পর ইরাকে কিছুটা শান্তি ফিরতে শুরু করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইকোনমিস্ট বলছে, ইরাকে এখন ব্যবসা করার পরিবেশ ফিরে এসেছে। গাড়িবোমায় উড়ে যাওয়ার ভয় কেটে শিশুরা নির্ভয়ে স্কুলে যেতে শুরু করেছে। কোভিড-১৯–এর ধাক্কা কাটিয়ে দেশের অর্থনীতি পুনরুদ্ধারের পথে রয়েছে।

ইরাককে শান্তির পথে নিতে প্রয়োজনীয় পদক্ষেপগুলোর মধ্যে একটি হচ্ছে মিলিশিয়াদের প্রভাব কমানো। এসব মিলিশিয়ার অধিকাংশই সশস্ত্র শিয়া গোষ্ঠী, তাদের বেশ কয়েকটির উত্থান ঘটেছিল আইএস জঙ্গিদের হটাতে। ইরাকের শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি আল-সিসতানি তরুণদের প্রতি আইএসবিরোধী যুদ্ধে নামার আহ্বান জানিয়েছিলেন। তবে লড়াই শেষ হলেও তাঁরা অস্ত্র ছাড়েননি। বরং তাঁরা মিলিশিয়া বাহিনীর সদস্য হিসেবে সরকারি অর্থ পেতে শুরু করেন।

এই মিলিশিয়াদের বেতনের জন্য বরাদ্দ প্রতিবছর বাড়ে। ২০১৮ সালে তাঁদের বেতনের জন্য দেওয়া হয় ১ দশমিক ৩ ট্রিলিয়ন ইরাকি দিনার (১ দশমিক ১ বিলিয়ন ডলার), যা ২০২১ সালে বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৫ ট্রিলিয়ন দিনার। ইরাক সরকারকে এখন তাদের জিডিপির ২ শতাংশ অনানুষ্ঠানিক এসব সশস্ত্র গোষ্ঠীর জন্য ব্যয় করতে হচ্ছে।

এ ব্যয় অনেক দেশের সামরিক বাহিনীর ব্যয়ের চেয়ে বেশি। বেতনের বাইরেও চোরাচালান ও চাঁদাবাজির মাধ্যমে অর্থ সংগ্রহ করে মিলিশিয়ারা। আবার মিলিশিয়াদের অনেকে দেশটির প্রতি অনুগতও নয়। কোনো কোনো মিলিশিয়া বাহিনী ইরানের আদেশ পালন করে থাকে, আবার কোনো কোনো গোষ্ঠী যুদ্ধবাজ নেতাদের আদেশে পরিচালিত হয়।

ইকোনমিস্ট বলছে, আয়াতুল্লাহ সিসতানি যদি মিলিশিয়াদের উদ্দেশে বলেন যে তাঁদের মিশন শেষ হয়েছে, তাহলে সুফল মিলতে পারে। তা না হলে সরকারের উচিত হবে মিলিশিয়াদের কাছ থেকে তাদের প্রভাবাধীন এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেওয়া। মিলিশিয়া গোষ্ঠীগুলোর সদস্যদের একাংশকে ইরাকি সেনাবাহিনীতেও অন্তর্ভুক্ত করা যায়। অন্যদের কাছ থেকে অস্ত্র জমা নিয়ে তাঁদের এককালীন অর্থ সুবিধা দিয়ে অবসরে পাঠানো যেতে পারে।

অনেক সময় দেশটির তেল বিক্রি থেকে আসা রাজস্ব সরকারি চাকরিজীবীদের বেতন–ভাতা দিতে শেষ হয়ে যায়। দেশটিতে সরকারি নিয়োগে এখনো স্বজনপ্রীতি রয়েছে।

এ পথ অবলম্বন করলে তা অত্যন্ত ব্যয়বহুল ও বিপজ্জনক হয়ে উঠতে পারে। মিলিশিয়াদের কাছ থেকে অস্ত্র জমা নেওয়ার পক্ষে সরব এক ব্যক্তি সম্প্রতি খুন হয়েছেন। তবে এর বিকল্প আরও খারাপ ফল বয়ে আনতে পারে। কিছু মিলিশিয়া বাহিনীর কর্তাব্যক্তিরা ইরানের বিপ্লবী গার্ড সদস্যদের অনুসরণ করতে চান। ইরানের ওই বাহিনীই দেশটির অর্থনীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করে থাকে। তারা পরিচালিত হয় ইরানের শীর্ষ ধর্মীয় নেতার পরামর্শে।

ইরাকি মিলিশিয়াদের অস্ত্র জমা নেওয়ার পরিকল্পনার খসড়া কয়েক বছর আগেই তৈরি করা হয়েছিল। এখন সেটির ধুলা ঝেড়ে ফেলে বাস্তবায়নের পথে হাঁটা উচিত।

আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে সরকারের পক্ষ থেকে শুধু কর্মকর্তাদের চাকরির সুযোগ–সুবিধার বন্দোবস্ত না করে জনগণকে প্রয়োজনীয় সেবা দেওয়া। অনেক সময় দেশটির তেল বিক্রি থেকে আসা রাজস্ব সরকারি চাকরিজীবীদের বেতন–ভাতা দিতে শেষ হয়ে যায়। দেশটিতে সরকারি নিয়োগে এখনো স্বজনপ্রীতি রয়েছে।

সরকারি চাকুরেদের সুযোগ–সুবিধা তুলনামূলক অনেক বেশি। কোনো বেসরকারি নিয়োগকর্তাই এত অল্প কাজের জন্য এত বেশি বেতন দেবেন না, যা সরকারি চাকরিজীবী পেয়ে থাকেন। সে কারণে সবাই সরকারি চাকরি পেতে চান। এতে দেশটির বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য কর্মী পাওয়া দুষ্কর হয়ে দাঁড়ায়। সরকার অর্থ বাঁচিয়ে স্কুল, হাসপাতাল এবং সত্যিকারের অভাবীদের কল্যাণে ব্যবহার করতে পারে।

সরকারি কর্মকর্তাদের জন্য অর্থের অপচয় বন্ধ করার জন্য পরিকল্পনা করেছেন ইরাকের অর্থমন্ত্রী। জনগণ সেবা পায়, এমন কিছু বিষয়ে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তাঁর। অর্থমন্ত্রীর এসব পরিকল্পনা কার্যকর করা উচিত বলে অভিমত দিয়েছে ইকোনমিস্ট।

প্রতিবেদনে ব্যয় সাশ্রয়ের জন্য ইরাক সরকারকে বিদ্যুৎ খাতে ভর্তুকি বন্ধ করারও পরামর্শ দেওয়া হয়েছে। ইরাকের জিডিপির ১০ শতাংশ এ ভর্তুকিতে যায়। সেখানে বিদ্যুতের দাম খুবই কম। বিল সংগ্রহ করা হয় কদাচিৎ। প্রায় বিনা মূল্যের হওয়ায় বিদ্যুতের অপচয়ও হয় বেশি। বেশি বিদ্যুৎ উৎপাদনের জন্য ইরান থেকে গ্যাস আনে ইরাক। কিন্তু প্রায়ই অর্থ পরিশোধে ব্যর্থ হয় দেশটি।

এগুলোর কিছুই দরকার হতো না। ইরাকে প্রচুর গ্যাস উৎপাদন হয়। কিন্তু এর বেশির ভাগই অপচয় হয়। দেশটি ভোক্তাদের জন্য গ্যাসের দাম নির্ধারণ করতে পারে। এতে জ্বালানি খরচ কম হওয়ার পাশাপাশি সরকারের আয় বৃদ্ধি এবং পরিবেশের উপকার হবে।

এসব কিছু করার জন্য প্রথমে ভোটারদের ভোট দিতে হবে। কিন্তু মিলিশিয়া অধ্যুষিত এলাকায় ভোট গ্রহণ করা ভীতিকর হবে। ভোট বর্জন করা মানে দেশটির মিলিশিয়া ও দুর্নীতিবাজ নেতাদের হাত আরও শক্তিশালী করা।

ইকোনমিস্ট অবলম্বনে মিন্টু হোসেন