ইরাকে স্পিকারের বাড়ি লক্ষ্য করে রকেট হামলা, দুই শিশু আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
ছবি: রয়টার্স

ইরাকের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ আল হালবুসির বাড়িকে লক্ষ্য করে রকেট হামলা হয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে হালবুসির বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরত্বে তিনটি কাতিউশা রকেট এসে পড়ে। এ ঘটনায় দুই শিশু আহত হয়। ইরাকের নিরাপত্তা সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।

৪১ বছর বয়সী হালবুসি একজন সুন্নি রাজনীতিবিদ। ২০১৮ সাল থেকে ইরাকের পার্লামেন্ট স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। মঙ্গলবার দেশটির শীর্ষ আদালত স্পিকার হিসেবে পরবর্তী মেয়াদের জন্যও হালবুসির নিয়োগ চূড়ান্ত করেন। আর তার কয়েক ঘণ্টার মাথায় আনবার প্রদেশের গুরমা এলাকায় তাঁর বাড়ি লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক নিরাপত্তা সূত্র এএফপিকে বলেছে, হালবুসিকে লক্ষ্য করেই হামলা হয়েছে। তবে ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ইরাকি পুলিশের এক বিবৃতিতে বলা হয়, আহত দুই শিশুকে গুরমার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবারের হামলার ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

সম্প্রতি ইরাকের বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে বেশ কয়েকটি গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। যে দলগুলো শিয়া নেতা মুকতাদা সদরের দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে সরকার গঠন করতে চায়, মূলত সেগুলোর নেতাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। হালবুসির তাকাদমও তেমনই একটি দল।