ইরানে করোনার পঞ্চম ঢেউয়ের আশঙ্কা রুহানির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
ছবি : রয়টার্স

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দেশটিতে করোনার পঞ্চম ঢেউ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। ভারতে শনাক্ত হওয়া করোনার ডেলটা ধরনের বিস্তারের কারণে সেখানে নতুন করে করোনার ঢেউ দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে আজ শনিবার এ কথা জানানো হয়। ইরানের অ্যান্টিভাইরাস টাস্কফোর্সের এক সভায় রুহানি বলেন, ‘দেশজুড়ে করোনার পঞ্চম ঢেউয়ের পথে আছি বলে আশঙ্কা হচ্ছে।’ জনগণকে সতর্ক করে তিনি বলেন, ইরানের দক্ষিণাঞ্চলের প্রদেশগুলোতে ডেলটা ধরন ছড়িয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে করোনাভাইরাসে সবচেয়ে বেশি ভুক্তভোগী ইরান। দেশটিতে করোনায় ৮৪ হাজারের বেশি মানুষ মারা গেছেন। সেখানে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ৩২ লাখের বেশি মানুষ। তবে এই হিসাব প্রকৃত সংখ্যার চেয়ে কম বলে ধারণা করা হয়।

ইরান ইতিমধ্যে করোনার অতি সংক্রমণের ক্ষেত্রে ‘রেড’ বা লাল এলাকা হিসেবে তেহরান ও আরও ৯টি শহরকে চিহ্নিত করেছে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে থাকা দেশটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে অর্থ স্থানান্তর করতে সমস্যায় পড়ছে। দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে, অর্থ লেনদেনের সমস্যায় তাঁরা প্রয়োজনীয় টিকা আমদানি করতে পারছে না।

প্রায় সাড়ে আট কোটি জনসংখ্যার দেশটি এখন পর্যন্ত সেখানে ৪৪ লাখ মানুষ করোনার প্রথম ডোজের টিকা পেয়েছে। মাত্র ১৭ লাখ মানুষ দুই ডোজ টিকা পেয়েছে।
ইরানের কর্তৃপক্ষ স্থানীয়ভাবে তৈরি দুটি টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমতি দিয়েছে।