ইসরায়েলি কর্তৃপক্ষের পরিদর্শনের পর যা বলল পেগাসাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে ফোনে আড়ি পাতার খবর প্রকাশের পর এই সফটওয়্যার তৈরিকারক প্রতিষ্ঠান এনএসও গ্রুপের কার্যালয় ‘পরিদর্শন’ করেছে ইসরায়েলের সরকারি বিভিন্ন সংস্থা। এ ঘটনার পর এনএসও গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, তারা স্বচ্ছতার ভিত্তিতে ইসরায়েলের সরকারি সংস্থার সঙ্গে কাজ করছে।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইট বার্তায় এই পরিদর্শনের কথা জানিয়েছে। ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ইসরায়েল সরকারের বিভিন্ন সংস্থার কর্মীরা গত বুধবার এনএসও গ্রুপের কার্যালয় পরিদর্শন করে। পেগাসাসের বিরুদ্ধে নিরাপত্তাভঙ্গের যে অভিযোগ উঠেছে, তা ‘পরীক্ষা-নিরীক্ষা’ করতে এই উদ্যোগ নিয়েছে ইসরায়েলের বিভিন্ন সংস্থার কর্মীরা।

এনএসও গ্রুপ পরিদর্শনের বিষয়টি ইসরায়েলের অনলাইন পত্রিকা দ্য রেকর্ডকে জানিয়েছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্রের বরাত দিয়ে দ্য রেকর্ড বলেছে, ‘স্বচ্ছতার সঙ্গে ইসরায়েলের সরকারের সঙ্গে কাজ করছে এনএসও গ্রুপ। সরকারি সংস্থার এসব পরীক্ষা-নিরীক্ষায় প্রমাণ হবে যে আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, তা মিথ্যা।’ এ ব্যাপারে প্রতিষ্ঠানটি আত্মবিশ্বাসী বলে জানান এনএসও গ্রুপের মুখপাত্র।

বিশ্বের বিভিন্ন দেশে পেগাসাস ব্যবহার করে হাজারো মানুষের মুঠোফোনের তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে বা চেষ্টা করা হয়েছে। এমন ৫০ হাজারের বেশি ফোন নম্বরের তথ্যভান্ডার পেয়েছিল প্যারিসভিত্তিক অলাভজনক সংবাদ সংস্থা ফরবিডেন স্টোরিজ। পরে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সহযোগিতা নিয়ে ওই নম্বরগুলো ধরে অনুসন্ধান চালায় বিভিন্ন দেশের ১৭টি আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এই পেগাসাস ব্যবহার করে যাঁদের মুঠোফোনে আড়ি পাতা হয়েছে, তাঁদের তালিকাও প্রকাশ করেছে গণমাধ্যমগুলো। এই তালিকায় বিভিন্ন দেশের রাজনীতিক, ব্যবসায়ী, মানবাধিকারকর্মীরা রয়েছেন।

এই তালিকায় নাম রয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০১৯ সালে মাখোঁ সরকারের আরও কয়েকজনের ফোনে আড়ি পাতা হয়েছিল এই পেগাসাস ব্যবহার করে। এই নিয়ে তদন্ত শুরু করেছে ফ্রান্স। এই তদন্ত শুরুর পর ইসরায়েলের সংস্থাগুলো এনএসওর কার্যালয় পরিদর্শন করল।