ইসরায়েলি সেনাদের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ত্র হাতে এক ইসরায়েলি সেনা
ফাইল ছবি: রয়টার্স

অধিকৃত পশ্চিম তীর, জেরুজালেমের পুরোনো শহর ও গাজায় পৃথক ঘটনায় ইসরায়েলি সেনাদের গুলিতে নারীসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পশ্চিম তীরের জেনিন এলাকায় আল–সিলাহ–হারিথিয়া ও বুরকিন গ্রামে রাতভর তল্লাশি চালিয়েছেন ইসরায়েলি সেনারা। ভোরে আল–সিলাহ–হারিথিয়ায় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হন তরুণ আল নাসের মোহাম্মদ জায়াওউদ (২২)। নাসেরের শরীরের চারটি বুলেট পাওয়া গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে দুটি তাঁর বুকে বিঁধেছে। একটি কাঁধে ও একটি ডান ঊরুতে লেগেছে।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, খুব কাছ থেকে নাসেরকে গুলি করেন ইসরায়েলি সেনারা। আহত হওয়ার পর তাঁকে ঘিরে রাখেন তাঁরা। মৃত্যু নিশ্চিত হওয়ার পরই নাসেরকে অ্যাম্বুলেন্সে তোলার সুযোগ দেন ইসরায়েলি সেনারা। বুরকিনে ইসরায়েলি সেনাদের গুলিতে দুজন আহত হয়েছেন। আটক করে নিয়ে যাওয়া হয়েছে আরও দুজনকে।

বৃহস্পতিবার জেরুজালেমের পুরোনো শহরের বাব আল–সিলসিলায় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন ইসরা খুজাইমা নামের এক নারী। তিন সন্তানের জননী ৩০ বছর বয়সী এ নারীর বাড়ি জেনিনের দক্ষিণাংশে কাবাতিয়া গ্রামে।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ওই নারী একজন সেনাকে ছুরিকাঘাতের চেষ্টা করেছিলেন। এ সময় সেনারা গুলি ছুড়লে তাঁর মৃত্যু হয়।

গাজার সীমান্তবেড়ার কাছে বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন মোহাম্মদ আবু আমার নামের এক ফিলিস্তিনি। ৪১ বছর বয়সী আবু আমার একজন পাখিশিকারি ছিলেন।

আরও পড়ুন

সম্প্রতি ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি সেনাদের তল্লাশি ও গুলি চালানোর ঘটনা বেড়েছে। গত রোববার জেনিন ও জেরুজালেমে রাতভর তল্লাশির সময় ইসরায়েলি বাহিনী শিশুসহ পাঁচ ফিলিস্তিনিকে হত্যা করে। গত আগস্টে জেনিনের একটি উদ্বাস্তু শিবিরে তল্লাশির সময় ইসরায়েলি সেনাদের গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়।

এর আগে গত মে মাসে টানা ১১ দিন গাজায় ইসরায়েলি বিমান হামলায় আড়াই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়। অপর দিকে ইসরায়েলে হামাসের রকেট হামলায় নিহত হয় ১৩ জন।