ইসরায়েলে এক সপ্তাহে তৃতীয়বার হামলা, নিহত ৫

উগ্রপন্থী ইহুদি জাতীয়তাবাদী অধ্যুষিত বান্নেই ব্রাক এলাকায় হামলাটি হয়েছেছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের রাজধানী তেল আবিবের উপকণ্ঠে পাঁচজন গুলিতে হত্যা শিকার হয়েছেন। চিকিৎসকদের বরাত দিয়ে আজ বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহে এ নিয়ে তৃতীয়বারের মতো হামলার ঘটনা ঘটল ইসরায়েলে। প্রতিটি হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে।

সর্বশেষ স্থানীয় সময় বুধবার হামলা হয় বান্নেই ব্রাক এলাকায়। ইসরায়েলে যেসব এলাকায় উগ্রপন্থী ইহুদি জাতীয়তাবাদীর সংখ্যা বেশি, তার একটি বান্নেই ব্রাক। ঘটনাস্থলে থাকা একজন বিবিসিকে বলেন, বন্দুক হামলায় পাঁচজনের মৃত্যু হয়। স্থানীয় পুলিশের গুলিতে হামলাকারী বন্দুকধারীও নিহত হয়েছেন।

গত রোববার ও গতকাল মঙ্গলবার ইসরায়েলি আরবদের পৃথক দুই হামলায় ছয়জন নিহত হওয়ার পর থেকেই ইসরায়েলের নিরাপত্তা বাহিনী বাড়তি সতর্ক অবস্থানে ছিল।

আরও পড়ুন

ভিডিও ফুটেজে দেখা যায়, বন্দুকধারী অস্ত্র তুলে কাছ থেকে একটি গাড়ির জানালা দিয়ে যাত্রীকে গুলি করছেন। ইসরায়েলের সংবাদপত্র জেরুজালেম পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী বন্দুকধারীর গুলিতে গাড়ির ভেতরে একজন এবং বাকিদের মৃত্যু হয় আশপাশের সড়কে। হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট নিরাপত্তাসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে জরুরি নিরাপত্তা বৈঠক করেন। বুধবার মন্ত্রিসভার বৈঠকে বসার কথা রয়েছে।

ইসরায়েলের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে দাবি করা হয়েছে, হামলাকারী ২৭ বছর বয়সী একজন ফিলিস্তিনি। তিনি পশ্চিম তীরের এক গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন

গত রোববার প্রথম হামলাটি হয় ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিরশেবা শহরের একটি বিপণিবিতানে। হামলাকারী একজন ইসরায়েলি আরব। গাড়ি চালিয়ে এক সাইক্লিস্টকে হত্যার পর ছুরি মেরে আরও তিনজনকে হত্যা করেন। বিবিসি জানিয়েছে, ওই হামলাকারী সিরিয়ায় আইএসে যোগ দেওয়ার পরিকল্পনা করছিলেন।

এর পাঁচ দিন পর একই ঘটনা ঘটে ইসরায়েলের উত্তরাঞ্চলের হাদেরা শহরে। এবার দুজন ইসরায়েলি বাসস্টপে এলোপাতাড়ি গুলি করতে শুরু করলে ইসরায়েলের ১৯ বছর বয়সী দুই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী পরে জানায়, তারাই এ হামলা করেছে। তিন হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়।