ইসরায়েলে টিকার তৃতীয় ডোজ শুরু রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসরায়েলে এখন পর্যন্ত করোনার টিকার দুই ডোজ পেয়েছেন ৫৫ শতাংশ নাগরিক
ফাইল ছবি: রয়টার্স

ইসরায়েলে ৬০ বছরের বেশি বয়সী নাগরিকদের করোনাভাইরাসের টিকার তৃতীয় ডোজ দেওয়া শুরু হচ্ছে। আগামী রোববার থেকে দেশটিতে টিকার তৃতীয় ডোজ দেওয়া হবে। আজ শুক্রবার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ টিকার তৃতীয় ডোজ নেবেন। আসছে সেপ্টেম্বরে তাঁর বয়স ৬১ বছর হবে। খবর বিবিসির।

গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত বলেন, আপাতত যাঁদের বয়স ৬০ বছরের বেশি, তাঁরাই শুধু তৃতীয় ডোজ পাবেন। ইসরায়েলেই প্রথম করোনা টিকার তৃতীয় ডোজ দেওয়া হচ্ছে।

৬০ বছরের বেশি বয়স্ক যাঁরা ৫ মাস আগে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন, তাঁরাই তৃতীয় ডোজ নিতে পারবেন বলে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। বিশ্বব্যাপী করোনার ডেলটা ধরন ছড়িয়ে পড়ার পর ফাইজারের টিকার তৃতীয় ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিল ইসরায়েল।

প্রধানমন্ত্রী নাফতালি বেনেত বলেন, টিকা দেওয়ার ফলে করোনার বিরুদ্ধে শরীরে যে প্রতিরোধব্যবস্থা গড়ে উঠেছে, সময়ের সঙ্গে সঙ্গে তা দুর্বল হয়ে পড়েছে। এই প্রতিরোধব্যবস্থা আবারও শক্তিশালী করতে অতিরিক্ত এই ডোজ দেওয়া হচ্ছে। এ ছাড়া তৃতীয় ডোজ নেওয়ার ফলে সংক্রমণের আশঙ্কা কমে আসবে এবং করোনায় আক্রান্ত হলেও শারীরিক জটিলতা কম হবে।

প্রধানমন্ত্রী নাফতালি বেনেত বলেন, দুর্বল রোগ প্রতিরোধক্ষমতাসম্পন্ন দুই হাজার ব্যক্তিকে ইতিমধ্যে ফাইজারের টিকার তৃতীয় ডোজ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

টিকাদানের দিক দিয়ে বিশ্বের দেশগুলোর মধ্যে বেশ এগিয়ে রয়েছে ইসরায়েল। গত বছরের ডিসেম্বরে ফাইজার-বায়োএনটেকের সঙ্গে চুক্তির পর জোরেশোরে টিকাদান কর্মসূচি শুরু করে দেশটি। ইসরায়েলে এখন পর্যন্ত টিকাটির দুই ডোজ পেয়েছেন ৫৫ শতাংশ নাগরিক। ব্যাপক হারে টিকা দানের কারণে ইসরায়েলে নাটকীয়ভাবে করোনার সংক্রমণ কমে আসে।

চলতি বছরের জুনে ইসরায়েল থেকে তুলে নেওয়া হয় সংক্রমণ রোধে জারি করা অনেক বিধিনিষেধ। এর কিছুদিন পরই আবার সংক্রমণের হার বাড়তির দিকে যায়। ফলে জনসমাগম হয়, এমন স্থানে মাস্ক পরার নির্দেশনা পুনরায় জারি করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ফিরিয়ে আনা হয় ‘হেলথ পাস’ কর্মসূচি। এর আওতায় কোনো অনুষ্ঠানে ১০০ জনের বেশি মানুষ অংশ নিতে পারবে না। এর বেশি মানুষের সমাগম করতে হলে তাঁদের অবশ্যই টিকা নেওয়া হতে হবে, অথবা করোনা টেস্টের নেগেটিভ সনদ থাকতে হবে। পাশাপাশি এমন জনসমাবেশে করোনা থেকে সেরে ওঠা ব্যক্তিদেরও নিরাপদ হিসেবে ধরা হবে।