ইসরায়েলে হামলার হুমকি ইরানের
ইরানের বিরুদ্ধে যেকোনো ছোটখাটো পদক্ষেপ নেওয়া নিয়ে ইসরায়েলকে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেছেন, ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, তাহলে ইরানও পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েলে হামলা চালাবে।
আজ সোমবার ইরানের জাতীয় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় ইরানের তৈরি বিভিন্ন অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। খবর আল–জাজিরার
রাজধানী তেহরানে আয়োজিত অনুষ্ঠানটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে ইরানের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় ইসরাইলকে উদ্দেশ করে ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী অঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্প্রতি ইহুদি রাষ্ট্র ইসরায়েল স্বাভাবিক সম্পর্ক স্থাপন করেছে। তবে একটি বিষয় স্পষ্ট জানিয়ে দিতে চাই, এ অঞ্চলে তাদের যেকোনো ধরনের পদক্ষেপ আমাদের গোয়েন্দা, নিরাপত্তাবাহিনী ও সামরিক বাহিনীর নজর এড়াতে পারবে না।
ইসরায়েলকে সতর্ক করে রাইসি বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল কোনো ষড়যন্ত্র করার পাঁয়তারা করলে আমাদের সামরিক বাহিনীও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে।
গত মাসে ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দি-অধ্যুষিত শহর ইরবিলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তাদের অভিযোগ, ওই স্থান ইসরায়েলি বাহিনী ব্যবহার করছে। যদিও ইরবিলের গভর্নর ইরানের এ অভিযোগ নাকচ করে দিয়েছেন।