ইসরায়েলে ৩ বছরের শিশুদেরও দেখাতে হবে করোনা ‘নেগেটিভ’ সনদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা সংক্রমণ সামাল দিতে নতুন পদক্ষেপ নিচ্ছে ইসরায়েল
ছবি: রয়টার্স

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে যারা সবার আগে টিকা কার্যক্রম শুরু করেছিল, তাদের মধ্যে ইসরায়েল অন্যতম। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের তথ্যমতে, ইতিমধ্যে ইসরায়েলের ৮৫ শতাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে টিকা দেওয়া হয়েছে। এরপরও দেশটিতে করোনা সংক্রমণ বাড়ছে। এই পরিস্থিতি সামাল দিতে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে ইসরায়েল। নতুন বিধির আওতায় বিভিন্ন ক্ষেত্রে তিন বছর থেকে এর ঊর্ধ্বের শিশুদের করোনা ‘নেগেটিভ’ সনদ দেখাতে হবে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


ইসরায়েলি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে, তিন বছরের কোনো শিশুর যদি স্কুল, সুইমিং পুল, হোটেল বা জিমে যেতে হয়; তাহলে তার করোনাভাইরাসের পরীক্ষা করতে হবে। আগামী সপ্তাহ থেকে এই বিধি কার্যকর হবে।

১২ বছর ও এর ঊর্ধ্বের শিশুদের ক্ষেত্রে ‘গ্রিন পাস’–এর ব্যবস্থা চালু রেখেছে ইসরায়েল। এ ব্যবস্থায় এই বয়সী শিশুরা বাড়ির বাইরে ‘গ্রিন পাস’–এর আওতাভুক্ত স্থানে গেলে তাদের করোনা পরীক্ষার সনদ, টিকা গ্রহণের সনদ বা করোনা থেকে সেরে ওঠার সনদ দেখাতে হয়। এখন তিন বছর থেকে এর ঊর্ধ্বের শিশুদের ক্ষেত্রেও ‘গ্রিন পাস’–এর ব্যবস্থা চালু হবে।

এসব উদ্যোগ সত্ত্বেও ইসরায়েলে করোনা সংক্রমণ বাড়ছে। এ অবস্থায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, ৩ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার পরীক্ষা করতে হবে। আগামী বুধবার তা শুরু হবে।

সরকারের এ ঘোষণার পরিপ্রেক্ষিতে জাতীয় জরুরি সেবা বিভাগ বলেছে, তারা ইসরায়েলজুড়ে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের জন্য ১২০টি কেন্দ্র চালু করেছে। এই কেন্দ্রগুলোতে করোনা পরীক্ষা করা যাবে। এ জন্য প্রত্যেককে ব্যয় করতে হবে প্রায় ১৭ ইউরো। এই পরীক্ষার মাধ্যমে ‘গ্রিন পাস’ পাওয়া যাবে। এই গ্রিস পাসের মেয়াদ হবে ২৪ ঘণ্টা।

করোনা সংক্রমণ ঠেকাতে ইসরায়েল শুরুতেই কঠোর পদক্ষেপ নিয়েছিল। তারা এর সুফলও পেয়েছিল। করোনার সার্বক্ষণিক তথ্য সরবরাহকারী ওয়েবসাইটের পরিসংখ্যানে দেখা যায়, গত মে মাসে ইসরায়েলে সংক্রমণ শূন্যের কোঠায় নেমে আসে। এরপর আবার সংক্রমণ বাড়তে শুরু করে।

ইসরায়েল সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার জানায়, আগের দিন নতুন করে প্রায় ছয় হাজার ইসরায়েলির করোনা শনাক্ত হয়। এ নিয়ে ইসরায়েলে শনাক্ত ৯ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। আর মারা গেছেন সাড়ে ছয় হাজারের বেশি মানুষ।
সংক্রমণ ঠেকাতে ইসরায়েল ১২ বছর থেকে এর ঊর্ধ্বের শিশুদের করোনার টিকা দিচ্ছে। এ ছাড়া করোনার টিকার বুস্টার ডোজের বয়সসীমা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল সরকার। গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে ৫০ বছর বয়সীদেরও বুস্টার ডোজ দেওয়া হবে।