ইয়েমেনে রমজানে যুদ্ধবিরতি ঘোষণা সৌদি জোটের
আসন্ন পবিত্র রমজান মাসে ইয়েমেনে যুদ্ধবিরতি ঘোষণা করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। গতকাল মঙ্গলবার দিন শেষে দেওয়া এক ঘোষণায় আজ বুধবার থেকেই সামরিক অভিযান বন্ধ রাখা হবে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়। রমজানে যুদ্ধবিরতি মেনে চলতে জাতিসংঘের আহ্বানের পর এ ঘোষণা এল। খবর আল-জাজিরার।
একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে এবং দারিদ্র্যপীড়িত দেশটিতে সৃষ্ট ভয়াবহ মানবিক সংকট প্রশমনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ও ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে কাজ করে যাচ্ছে জাতিসংঘ। দুই পক্ষ ২০১৫ সাল থেকে এ যুদ্ধ চালিয়ে আসছে।
তিন বছরের শান্তি প্রচেষ্টায় এ যুদ্ধবিরতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সাত বছর ধরে চলা এ সংঘাত অবসানে জোর প্রচেষ্টা চালিয়ে আসছে আন্তর্জাতিক সম্প্রদায়। এ যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। অনাহারের মুখে পড়েছেন লাখ লাখ ইয়েমেনি।
জোট বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালকির দেওয়া বিবৃতি উদ্ধৃত করে সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ বলেছে, বুধবার সকাল ছয়টা থেকে ইয়েমেনের অভ্যন্তরে সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিচ্ছে জয়েন্ট ফোর্সেস কমান্ড অব দ্য কোয়ালিশন। ইয়েমেন সংকটের অবসান এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।
হুতি নিয়ন্ত্রিত হোদেইদাহ বন্দরে জ্বালানিবাহী জাহাজ ভেড়ানো এবং সানা বিমানবন্দর থেকে কিছুসংখ্যক বাণিজ্যিক ফ্লাইট চালুর অনুমোদন দেওয়ার বিনিময়ে রমজানে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দেয় জাতিসংঘ। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো এ কথা জানিয়েছে। আগামী ২ এপ্রিল রমজান শুরু হতে পারে।
জাতিসংঘের দেওয়া তথ্যমতে, ২৭ মার্চ নাগাদ হোদেইদাহ বন্দরে ভেড়ানোর অপেক্ষায় ছিল চারটি জ্বালানিবাহী জাহাজ। এগুলোর মধ্যে একটি ট্যাংকার প্রায় তিন মাস ধরে জোট বাহিনী নিয়ন্ত্রিত জলসীমায় আটকে আছে।
২০১৪ সালে আবদরাব্বু মনসুর হাদি সরকারকে অস্ত্রের মুখে উৎখাত করে হুতিরা। এরপর সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী হস্তক্ষেপ করলে ২০১৫ সাল থেকে সানা বিমানবন্দর বন্ধ রয়েছে। জোট বাহিনী ইয়েমেনের আকাশ ও জলসীমানা নিয়ন্ত্রণ করছে।
সংশ্লিষ্ট দুটি সূত্র জানায়, ইয়েমেনে জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রান্ডবার্গ এ প্রস্তাব তৈরি করেছেন। এতে যুক্তরাষ্ট্র ও অন্য পশ্চিমা শক্তিগুলোরও সমর্থন রয়েছে। প্রস্তাবের বিষয়ে বিস্তারিত বলতে চাননি গ্রান্ডবার্গের মুখপাত্র ইসমিনি পাল্লা। তিনি বলেন, যুদ্ধবিরতির উদ্দেশ্য সহিংসতা থেকে ইয়েমেনিদের অতিপ্রয়োজনীয় বিরতি দেওয়া।
জাতিসংঘের প্রস্তাবকে ইতিবাচক বলছে হুতিরা। এর আগে গত শনিবার তারা একপক্ষীয়ভাবে তিন দিন সৌদি আরবে হামলা ও স্থল অভিযান বন্ধ রাখার ঘোষণা দেয়। সাম্প্রতিক মাসগুলোতে তেলের মজুতসহ সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে হুতিরা।