ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ১৪ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েমেনের রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে সৌদি আরব সমর্থিত জোট বিমান হামলা চালায়
ছবি: রয়টার্স

ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলায় ১৪ জন ইয়েমেনি নাগরিক নিহত হয়েছেন। সৌদি আরব সমর্থিত জোট আজ মঙ্গলবার এ হামলা চালায়। হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গতকাল সোমবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলা চালায়। ওই হামলায় পাকিস্তানি ও ভারতীয় নাগরিকসহ তিনজন নিহত হন। একই সময়ে হুতি বিদ্রোহীরা সৌদি আরবেও অন্তত ৮টি ড্রোন পাঠিয়েছিল বলে দাবি করেছে সৌদি সমর্থিত জোট।

সোমবারের ওই হামলার জবাবে আজ মঙ্গলবার সৌদি আরব সমর্থিত জোট এই হামলা চালায়। স্থানীয় ও হাসপাতাল সূত্র বলেছে, হামলায় সাবেক এক সামরিক কর্মকর্তা, তাঁর স্ত্রী, ২৫ বছর বয়সী ছেলে ও পরিবারের অন্যান্য সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তিও প্রাণ হারিয়েছেন বিমান হামলায়।

ইয়েমেনের রাষ্ট্রীয় টেলিভিশন আল মাসিরাহর প্রতিবেদনে বলা হয়েছে, হামলার জন্য ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি নেতৃত্বাধীন জোটকে দায়ী করেছে। তাদের দাবি, হামলায় নারী-শিশুসহ এখন পর্যন্ত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অপর দিকে এ ঘটনায় ১১ জন আহত হয়েছেন, ৫টি ভবন ধ্বংস হয়ে গেছে।