ওমরাহ পালনে সৌদি আরবে প্রবেশে করোনার নেগেটিভ সনদ লাগবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

চলমান করোনা মহামারির মধ্যে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে যাঁরা সৌদি আরবে যেতে চান, তাঁদের জন্য দেশটিতে প্রবেশে বিদ্যমান নির্দেশনা হালনাগাদ করেছে সৌদি আরব। এ জন্য ভ্রমণকারীদের অবশ্যই করোনার নেগেটিভ সনদ থাকতে হবে। খবর সৌদি গেজেটএকই সঙ্গে নতুন নির্দেশনা সৌদি আরবে ভ্রমণে ইচ্ছুক ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানিয়েছে দেশটির সরকার।

সৌদি আরবের হজ এবং ওমরাহবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র ওমরাহ পালন বা ভ্রমণের জন্য সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে রওনা দেওয়ার ৪৮ ঘণ্টা আগে করোনার পিসিআর কিংবা অ্যান্টিজেন পরীক্ষা করাতে হবে। নেগেটিভ সনদ থাকলে তবেই সৌদি আরবে প্রবেশ করা যাবে।

আরও পড়ুন

হালনাগাদ এ নির্দেশনা কাল বুধবার রাত একটা থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার জের ধরে সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে নির্দেশনা হালনাগাদ করেছে দেশটির সরকার।
এর আগে ২০২২ সালের শুরুতে পবিত্র ওমরাহ পালনের জন্য নতুন নির্দেশনা দিয়েছিল সৌদি আরব। ওই নির্দেশনা অনুযায়ী, প্রথমবার পবিত্র ওমরাহ পালনের অন্তত ১০ দিন পর দ্বিতীয়বার ওমরাহ পালন করার অনুমতি দেওয়া হয়, যা সব বয়সী মানুষের জন্য প্রযোজ্য ছিল। বলা হয়, প্রথমবার ওমরাহ পালন শেষে দ্বিতীয়বার ওমরাহ পালনে ইচ্ছুক ব্যক্তিদের ইটামারনা বা তাওয়াক্কলনা অ্যাপের মাধ্যমে আবারও আবেদন করতে হবে।

আরও পড়ুন

গত বছর দুই ওমরাহ পালনের মধ্যে ১৫ দিনের বিরতির কথা বলেছিল সৌদি সরকার। গত বছরের অক্টোবরে সৌদি আরব এ নির্দেশনা প্রত্যাহার করে নেয়। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও ১০ দিন বিরতির নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া করোনার অতিসংক্রামক ধরন অমিক্রনের বিস্তার ঠেকাতে সৌদি সরকার সামাজিক দূরত্ব মানার বিধিনিষেধ আরোপ করেছে। দেশটিতে সব জায়গায় মাস্ক পরতে নির্দেশনা দেওয়া হয়েছে। এর সঙ্গে মিলিয়ে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদেও একই বিধান চালু করা হয়েছে।