ওয়াকরায় চালু হচ্ছে অভিযোগ গ্রহণ কেন্দ্র
কাতারের অন্যতম ব্যস্ত নগরী ওয়াকরায় শিগগির খোলা হচ্ছে বিদেশি কর্মীদের অভিযোগ গ্রহণ কেন্দ্র। এতে ওয়াকরায় বসবাসরত কোনো কর্মীকে অভিযোগ দায়েরের জন্য দোহায় বা সানাইয়ায় যেতে হবে না। কাতার প্রশাসনিক উন্নয়ন, শ্রম ও সামাজিক বিষয়ক মন্ত্রণালয়ের শ্রম সম্পর্ক বিভাগের প্রধান আবদুল্লাহ মোবারক আদদওছারি এ তথ্য জানিয়েছেন।
বর্তমানে কাতারের চারটি স্থানে বিদেশি কর্মীদের অভিযোগ গ্রহণ করা হয়ে থাকে। এগুলো হলো-দোহার দাফনা এলাকায় অবস্থিত সিটি সেন্টার শপিং মলের বিপরীতে আলহুদা টাওয়ারে অবস্থিত প্রধান কার্যালয়ে, সানাইয়া ১৩ নম্বর সড়কে অবস্থিত মন্ত্রণালয়ের শাখা অফিসে, আলখোর এবং শাহানিয়া এলাকায়।
কাতার বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর আদদাওছারি একটি কাতারি সংবাদপত্রকে জানান, বিদেশি কর্মীরা কর্মক্ষেত্রে যেসব সমস্যায় পড়েন, সেসব সমাধানের জন্য বর্তমানে বিচারিক ক্ষমতাসম্পন্ন তিনটি কমিটি কাজ করছে। এ কারণে প্রত্যেক কর্মী তাঁর ন্যায় অধিকার ফিরে পাচ্ছেন খুব সহজে। এসব কমিটি সর্বোচ্চ তিন সপ্তাহের মধ্যে যেকোনো অভিযোগ নিষ্পত্তি করে থাকে।
বিচারিক কমিটিতে অভিযোগ পাঠানোর আগে শ্রম সম্পর্ক বিভাগ প্রথম এক সপ্তাহে অভিযোগকারীর বিষয়টি সমাধানের চেষ্টা করে থাকে। সাধারণত বেআইনিভাবে বরখাস্ত, দেরিতে বেতন, ছুটির ভাতা, সার্ভিস বোনাস সম্পর্কিত অভিযোগ গ্রহণ করে থাকে শ্রম সম্পর্ক বিভাগ ও বিচারিক কমিটি।
কাতারে ২০১৭ সালের ১৩ নম্বর আইন অনুসারে এই কমিটি গঠন করা হয়েছিল। চলতি বছরের ১৮ মার্চ এই কমিটি প্রথমবারের মতো কার্যক্রম শুরু করে। বর্তমানে সক্রিয় তিনটি কমিটির প্রত্যেকটিতে একজন করে বিচারক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।