কাতারে করোনায় তিন সপ্তাহের শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

কাতারে করোনাভাইরাস সংক্রমিত হয়ে তিন সপ্তাহের এক শিশুর মৃত্যু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

দেশটির জনস্বাস্থ্যবিষয়ক মন্ত্রণালয় এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, করোনার গুরুতর সংক্রমণে তিন সপ্তাহের এক শিশু দুঃখজনকভাবে মারা গেছে।

একই বিবৃতিতে বলা হয়, তাদের জানামতে, শিশুটির আর কোনো রোগে আক্রান্ত বা বংশগত কোনো রোগের সমস্যা ছিল না।

উপসাগরীয় দেশটিতে এত অল্প বয়সের কোনো শিশুর করোনা সংক্রমিত হয়ে মারা যাওয়ার ঘটনা বিরল।

কাতারে করোনা মহামারি শুরু হওয়ার পর দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে সংক্রমিত হয়ে দ্বিতীয় কোনো শিশুর মৃত্যু হলো।

মন্ত্রণালয় বলছে, বয়স্ক ব্যক্তিদের তুলনায় শিশুদের করোনার গুরুতর সংক্রমণের ঝুঁকি কম লক্ষ করা গেছে। কিন্তু করোনার চলমান ঢেউয়ে অনেক বেশিসংখ্যক শিশু এ ভাইরাসে সংক্রমিত হচ্ছে। আগের ঢেউয়ের তুলনায় এখন শিশুদের চিকিৎসাসেবার প্রয়োজন পড়ছে।

মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, তিন সপ্তাহের শিশুটির মৃত্যুর ঘটনা এ কথা মনে করিয়ে দিচ্ছে, সব বয়সী মানুষ করোনা সংক্রমিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

গত ডিসেম্বর থেকে কাতারে করোনা সংক্রমণ বাড়ছে। ২৬ লাখ বাসিন্দার দেশ কাতারে ৩ লাখ মানুষ করোনা সংক্রমিত হয়েছেন। মারা গেছেন প্রায় ৬০০ জন।