কে এই আল-কুরাইশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরাইশি, তিনি ইসলামি স্টেটকে নেতৃত্ব দিচ্ছিলেন বলা হচ্ছে
ছবি: এএফপি

সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরাইশি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের ভাষ্যমতে, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিবে বুধবার মধ্যরাতে দেশটির সন্ত্রাসবিরোধী অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেন আল-কুরাইশি। এ সময় মারা যান তাঁর পরিবারের সদস্যরাও।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার তথ্যমতে, যুক্তরাষ্ট্র ২০০৩ সালে ইরাকে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করার অল্প সময়ের মধ্যেই ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্তের (আইএসআইএল) শীর্ষস্থানীয় একজন হয়ে ওঠেন ৪৫ বছর বয়সী আল-কুরাইশি।

২০১৪ সালে আবু বকর আল-বাগদাদি নেতৃত্বাধীন যোদ্ধারা ইরাকের মসুল শহরের পাশাপাশি ইরাক ও সিরিয়ার বড় অংশ দখল নেয়। এর পরপরই আল-বাগদাদি মসুলে একটি মসজিদ থেকে ‘ইসলামিক খিলাফত’ ঘোষণা করেন। ২০১৯ সালে সিরিয়ায় মার্কিন অভিযানের সময় আইএসের প্রতিষ্ঠাতা আল-বাগদাদি নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেন। তারপর আইএসের শীর্ষ নেতা হিসেবে আল-কুরাইশির নাম উঠে আসে।

কয়েক বছর ধরে মার্কিন নেতৃত্বাধীন হামলায় সিরিয়া ও ইরাকে আইএস যখন তাদের স্বঘোষিত ‘খিলাফত’ হারাচ্ছিল এবং দুর্বল হয়ে পড়ছিল, তখন আইএসের দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি।

আরও পড়ুন

এনডিটিভির খবরে বলা হয়, আইএসের নতুনভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা যুক্তরাষ্ট্রের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আল-কুরাইশির মাথার দাম ঘোষণা করেছিল ১০ মিলিয়ন মার্কিন ডলার। একই সঙ্গে তাঁর নাম ‘বৈশ্বিক সন্ত্রাসী’ তালিকায় যুক্ত করেছিল।

আবদুল্লাহ আমির মোহাম্মদ সাঈদ আবদে আল-মওলা এবং হাজী আবদুল্লাহ কারদাস নামেও তিনি পরিচিত ছিলেন। ভিন্নমতাবলম্বীদের ওপর নির্মম আচরণের জন্যও তাঁর পরিচিতি ছিল।

‘নিষ্ঠুর নীতিনির্ধারক’

ইরাকের মসুল শহরের পশ্চিমে মুহালাবিয়া নামের একটি ছোট্ট শহরে ১৯৭৬ সালে জন্মগ্রহণ করেন আল-কুরাইশি। সেই শহরের বেশির ভাগ মানুষই ছিলেন ইরাকের সংখ্যালঘু তুর্কমেন সম্প্রদায়ের। তাঁর বাবা ছিলেন একজন ইমাম।

আল-কুরাইশি মসুল বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে পড়াশোনা করেন। ধর্মীয় নির্দেশনা ও ইসলামি আইনশাস্ত্র বিষয়ে উচ্চতর শিক্ষাগ্রহণ করেন তিনি।

ইরাকের নিরাপত্তা বাহিনীর তথ্যমতে, আল-কুরাইশি ইরাকের প্রয়াত শাসক সাদ্দাম হোসেনের সেনাবাহিনীতে কাজ করতেন। সাদ্দাম হোসেনের পতনের পর দেশটিতে থাকা মার্কিন প্রতিনিধিরা ইরাকি সেনাবাহিনী ভেঙে দেওয়ার পাশাপাশি সাদ্দাম হোসেনের বাথ পার্টির সঙ্গে যুক্ত হাজারো সেনা কমান্ডারকে কালোতালিকাভুক্ত করেন। তখন ইরাকি সেনাবাহিনীর অনেক সদস্যই মার্কিন বাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেন।

বিবিসির প্রতিনিধি ফেরাস কিলানি একসময় আল-কুরাইশির সাক্ষাৎকার নিয়েছিলেন এবং আল-বাগদাদির মৃত্যুর পর আইএসআইএলের নেতৃত্ব নিয়ে গবেষণা করেন। তাঁর তথ্যমতে, ২০০৩ থেকে ২০০৪ সালের মধ্যে ইরাকে মার্কিন বাহিনীর অভিযানের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যোগ দেন আল-কুরাইশি। ২০০৮ সালে মসুলে মার্কিন বাহিনীর হাতে গ্রেপ্তার হন আল-কুরাইশি। সে সময় তাঁকে দক্ষিণ ইরাকের কুখ্যাত ক্যাম্প বুক্কাতে আটক রাখা হয়েছিল। ২০০৯ সালে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

গবেষণা সংস্থা কাউন্টার এক্সট্রিমিজম প্রজেক্টের (সিইপি) তথ্যমতে, ২০১৪ সালে মসুল শহর দখল নিতে আল বাগদাদিকে সহায়তা করেছিলেন আল-কুরাইশি। অল্প সময়ের মধ্যে আল-কুরাইশি জঙ্গিগোষ্ঠীটির শীর্ষ নেতাদের একজন হয়ে ওঠেন। ‘প্রফেসর’ ও ‘ডেস্ট্রয়ার’ নামে তাঁকে ডাকা হতো।

সংস্থাটির তথ্যমতে, আইএসআইএলের সদস্যরা ‘নিষ্ঠুর নীতিনির্ধারক’ হিসেবে তাঁকে বেশ সমীহ করে চলতেন। যাঁরা আল-বাগদাদির নেতৃত্বের বিরোধিতা করতেন, তাঁদের সরিয়ে দেওয়ার দায়িত্ব ছিল তাঁর।

আল-কুরাইশির মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তাঁকে ২০১৪ সালে ইরাকের উত্তরাঞ্চলে সংখ্যালঘু ইয়াজিদিদের ওপর পরিচালিত গণহত্যার ‘চালিকা শক্তি’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি আফ্রিকা থেকে আফগানিস্তান পর্যন্ত আইএনআইএলের একটি নেটওয়ার্কের তদারক করতেন।

আইএসআইএলের কী হবে?

ইরাকি নিরাপত্তা কর্মকর্তাদের ভাষ্য, ২০১৭ সালে আইএসআইএল যখন সিরিয়ায় ঢুকছিল, তখন আল-কুরাইশি সিরিয়া সীমান্তে চলে যান। সীমান্তের প্রত্যন্ত এলাকায় আত্মগোপনে থাকেন তিনি। যাতে ধরা না পড়েন, সে জন্য বারবার অবস্থান পরিবর্তন করেন। পাশাপাশি আইএসআইএলকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেন।

হাডসন ইনস্টিটিউটের সিনিয়র ফেলো মিশেল প্রিগেন্ট আল–জাজিরাকে বলেন, আল-কুরাইশির মৃত্যু আইএসআইএলের বিরুদ্ধে একটি ‘সুস্পষ্ট আঘাত’। তবে সম্ভবত এতে তাদের কর্মকাণ্ডে দীর্ঘ মেয়াদে তেমন প্রভাব পড়বে না। তিনি বলেন, তারা এখনো টিকে আছে, তারা এখনো ইরাকে আন্তসীমান্তে অভিযান চালাতে সক্ষম এবং সিরিয়ায় এখনো তাদের অস্তিত্ব রয়েছে। তাঁর ধারণা, আল-বাগদাদির মৃত্যুর পর প্রাথমিক পর্যায়ে তাদের অবস্থা যতটা নড়বড়ে হয়ে পড়েছিল, এবারও তাই হবে।