গাজায় ইসরায়েলের বিমান হামলা

পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে দেশটির পুলিশ ও ফিলিস্তিনি বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেনছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল বলছে, ফিলিস্তিনের রকেট ছোড়ার জবাবে আজ মঙ্গলবার তারা এ হামলা চালিয়েছে।

ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে দেশটির পুলিশ ও ফিলিস্তিনি বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের পর চলমান উত্তেজনার মধ্যে এ হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ গত রোববার ইসরায়েলের অধিকৃত পূর্ব জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে পুলিশের হামলায় অন্তত ১৭ জন ফিলিস্তিনি আহত হন। এর আগে গত শুক্রবার সেখানে সংঘর্ষের ঘটনায় দেড় শতাধিক আহত হন।

মসজিদুল আকসা বা বায়তুল মুকাদ্দাস সারা বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্র স্থান। আর ইহুদিদের কাছে এটি খ্যাত টেম্পল মাউন্ট নামে। তারাও এটিকে তাদের অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচনা করে থাকে।

ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, আজ তাদের যুদ্ধবিমান থেকে ফিলিস্তিনি সংগঠন হামাসের অস্ত্র তৈরির স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তবে হামাস দাবি করছে, তারা আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ইসরায়েলি যুদ্ধবিমানের জবাব দিয়েছে।

গতকাল সোমবার হামাস–নিয়ন্ত্রিত এলাকা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট হামলার দাবি করে সেখানে সতর্কীকরণ সাইরেন বাজানো হয়। জানুয়ারির পর এই প্রথম এমন ঘটনা ঘটল।

ইসরায়েল সেনাবাহিনীর পক্ষ থেক বলা হয়, তারা হামাসের ছোড়া রকেটটি আয়রন ডোম আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ঠেকিয়ে দেয়। এর কয়েক ঘণ্টা পরই ইসরায়েল বিমানবাহিনী জানিয়েছে, রকেট হামলার জবাবে তারা হামাসের একটি অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে।

অন্যদিকে হামাস দাবি করেছে, তারাও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ইসরায়েলের বিমান হামলার জবাব দিয়েছে। প্রত্যক্ষদর্শী ও গাজার নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকর্তারা হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন।