চিড়িয়াখানার রক্ষককে মেরে সঙ্গীকে নিয়ে পালাল সিংহী
ইরানের একটি চিড়িয়াখানায় রক্ষকের ওপর হামলা চালিয়ে তাঁকে হত্যার পর এক সঙ্গীকে নিয়ে পালিয়ে যায় একটি সিংহী। খবর এএফপির।
গতকাল সোমবার স্থানীয় সংবাদমাধ্যমে এমন খবর জানিয়ে বলা হয়, পালিয়ে যাওয়া সিংহী ও তার সঙ্গীকে পরে অবশ্য ধরতে সক্ষম হয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
চিড়িয়াখানাটি ইরানের আরাক শহরে অবস্থিত। ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের মারকাজি প্রদেশে আরাক শহরটি অবস্থিত।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে চিড়িয়াখানার এক কর্মী বলেন, সিংহীটি কয়েক বছর ধরে ওই চিড়িয়াখানায় আছে। গত রোববার সে তার খাঁচার একটি দরজা খুলতে সক্ষম হয়। পরে সে খাঁচা থেকে বাইরে বেরিয়ে এসে ৪০ বছর বয়সী রক্ষকের ওপর হামলা করে। এ সময় রক্ষক প্রাণী দুটির জন্য খাবার নিয়ে এসেছিলেন।
চিড়িয়াখানার ওই কর্মী আরও বলেন, রক্ষককে হত্যার পর একপর্যায়ে প্রাণী দুটি পালিয়ে যেতে সক্ষম হয়।
প্রাদেশিক গভর্নর আমির হাদি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে বলেন, ‘ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা চিড়িয়াখানাটির নিয়ন্ত্রণ নেন।’
আমির হাদি আরও বলেন, চিড়িয়াখানা থেকে পালিয়ে যাওয়া দুটি প্রাণীকে জীবিত অবস্থায় আটক করার অভিযান সফল হয়।