ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে সৌদি বিমানবন্দরে আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে ১২ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ইয়েমেন সীমান্তসংলগ্ন বিমানবন্দরটিতে এ ঘটনা ঘটে। খবর এএফপির।

এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি। বিমানবন্দরটি লক্ষ্য করে ড্রোনটি পাঠানো হয়েছিল বলে টুইটে জানানো হয়েছে। তবে সেটি দিয়ে হামলা চালানোর আগেই ধ্বংস করা হয়।

এদিকে সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, আজকের ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে পর্যটক ও বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে কাজ করতে আসা শ্রমিকেরা রয়েছেন।

আবহা বিমানবন্দরে প্রায়ই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে থাকেন ইরান–সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। যদিও সেগুলোর বেশির ভাগই ঠেকিয়ে দেয় সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এরপরও এসব হামলায় হতাহতের ঘটনা ঘটেছে।

প্রতিবেশী দেশ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ২০১৫ সালের শুরু থেকে লড়ছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। এর আগের বছরেই রাজধানী সানা আক্রমণ করে আবদ-রাব্বু মানসুর হাদির সরকারকে ক্ষমতাচ্যুত করেন হুতি বিদ্রোহীরা।