‘তাদের কর্মকাণ্ড সাংবাদিকদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার মতো’
ফিলিস্তিনের গাজায় গত ১০ মে থেকে টানা ১১ দিনের আগ্রাসনের সময় অন্তত ১৮টি গণমাধ্যমের ভবনে হামলা চালায় ইসরায়েল। জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ১২ জনের বেশি ফিলিস্তিনি সাংবাদিক ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে গ্রেপ্তার হয়েছেন। এই অঞ্চলের গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতন ও হয়রানি নিয়ে সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
গত সোমবার গৃহ বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক জেইনা হালাউয়ানি ও ক্যামেরাম্যান ওহাবে মিক্কেই। শেখ জারাহ এলাকা থেকে ইসরায়েলি বাহিনী তাঁদের গ্রেপ্তার করে। পাঁচ দিন কারাভোগের পর জেরুজালেমের সেন্ট্রাল কোর্টের বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন এবং এক মাসের গৃহবন্দী রাখার নির্দেশ দেন। একই সঙ্গে ১৫ দিন কারও সঙ্গে কথা না বলার নির্দেশ দেওয়া হয় তাঁদের।
সিপিজে জানায়, গাজা সিটিতে আল-জাজিরা ও দ্য অ্যাসোসিয়েটেট প্রেসসহ (এপি) স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের অন্তত ১৮টি দপ্তর ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলায় শিকার হয়েছে।
এই দুই সাংবাদিকের আইনজীবী জাদ কোয়াদামানি আল-জাজিরাকে বলেন, পুলিশ ওই দুজনের বিরুদ্ধে হামলা, পুলিশের কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগ এনেছে। কিন্তু সেই দিনের ঘটনা ও তাঁদের গ্রেপ্তারের ভিডিও ফুটেজ আদালতকে দেখানো হয়। যার সঙ্গে পুলিশের আনা অভিযোগের কোনো মিল ছিল না। পুলিশ তদন্তের খাতিরে তাঁদের আরও কয়েক দিন আটকে রাখতে চেয়েছিল। কিন্তু তারা যথেষ্ট প্রমাণ হাজির করতে পারেনি।
কোয়াদামানি বলেন, ‘যদিও তাঁদের বিরুদ্ধে মামলা খারিজ হয়নি। কিন্তু আমি মনে করি তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার মতো কোনো তথ্য-প্রমাণ জেলা অ্যাটর্নির হাতে নেই।’
কারাগারে পাঁচ দিনের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে মিক্কেই আল-জাজিরাকে বলেন, ‘ইসরায়েলি পুলিশ সাংবাদিকদের ভয় দেখানোর বার্তা দিতে চাইছে। দখলদার বাহিনীর দাবি আমার সহকর্মী জেইনাকে গ্রেপ্তারের সময় আমি বাধা দেওয়ার চেষ্টা করেছি। আর এটি করতে গিয়ে আমি দখল বাহিনীর সদস্যদের লাঞ্ছিত করেছি। কিন্তু এমন কিছুই ঘটেনি।’ বন্দিদশায় তাঁকে বন্দুকের বাঁট দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করা হয়েছে।
হালাউয়ানি বলেন, তাঁর বিরুদ্ধে লাঞ্ছনা, ফিলিস্তিনি পতাকা উত্তোলন ও পুলিশের ওপর হামলা চালাতে তরুণদের উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। কারাগারে কেমন ছিলেন তা বলতে গিয়ে তিনি বলেন, ‘এর কোনোটিই সত্যি নয়। আমাকে দুজন পুলিশ মারধর করেছে সেই কালশিটে দাগ শরীরে এখনো আছে। রাতভর আমি সেখানে শিশুদের কান্না শুনেছি।’
এই নির্যাতনের পরও দুজনই সত্য প্রকাশের মাধ্যমে সাংবাদিকতা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাঁরা সামান্য আহত হলেও তাঁদের মনের এ ক্ষত থাকবে দীর্ঘদিন।
পুলিশ যেন সাংবাদিকদের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে
রাজাল আল-খতিব নামের এক ফিলিস্তিনি সাংবাদিক জর্ডান ও ইতালিয়ান টেলিভিশনের জন্য কাজ করেন। অনেক বছর ধরে তিনি জেরুজালেমের খবর সংগ্রহ করে যাচ্ছেন। এই দীর্ঘ সময়ে তিনি যে কতবার ইসরায়েলি বাহিনীর হামলার শিকার হয়েছেন, তার ইয়ত্তা নেই। তিনি বলেন, ‘আগে আমি অনেকবার আহত হয়েছি। কিন্তু গত মাসে পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং আল-আকসা মসজিদে হামলার খবর সংগ্রহ করতে গিয়ে দেখেছেন ইসরায়েলি বাহিনীর আচরণ আগের চেয়ে কতটা জঘন্য হয়েছে। কয়েক সপ্তাহ আগে জেরুজালেমের ওল্ড সিটিতে রাবার বুলেটের আঘাতে আমার পা ভেঙে হাসপাতালে যেতে হয়েছিল।’
আরেকটি ঘটনায় শেখ জারাহতে ইসরায়েলি পুলিশ পেছন থেকে তাঁকে বেধড়ক পেটায় ও তাঁর ক্যামেরা ভেঙে চুরমার করে দেয়। আল-খতিব আল-জাজিরাকে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলি বাহিনীকে নিয়ে নেতিবাচক মিডিয়া কাভারেজের কারণে পুলিশের এ আচরণ যেন অনেকটা ব্যক্তিগত আক্রোশের মতো ছিল। আর তাদের কর্মকাণ্ড ছিল সাংবাদিকদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার মতো।
অনেক ফিলিস্তিনি সাংবাদিক যাঁরা বিভিন্ন গণমাধ্যমের জন্য কাজ করেন, তাঁদের শেখ জারাহতে প্রবেশে বাধা দেয় ইসরায়েলি পুলিশ। তাদের দাবি এসব সাংবাদিকের ইসরায়েলি সরকারের কাছ থেকে প্রেস অফিস (জিপিও) কার্ড নিতে হবে। কিন্তু আল-খতিব বলেন, জিপিও কার্ড থাকার পরও তিনি সেখানে যেতে পারেননি। ‘সাংবাদিক হিসেবে সেখানে কাজ করা খুবই বিপজ্জনক।’
গণমাধ্যমের ওপর ৪০৮টি হামলা
রিপোর্টার্স উইদাউট বর্ডার জানায়, ২৮ মে ১৩ জন ফিলিস্তিনি সাংবাদিক ইসরায়েলি প্রশাসনিক বন্দিদশায় ছিল। অথবা বিনা বিচারে আটক ছিলেন। আল-জাজিরার ৪৩ বছর বয়সী আলা আল-রিমাউই গত এপ্রিলে রামাল্লায় ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেপ্তার হন। পরে তিনি অনশন করেন। একপর্যায়ে প্রশাসন তাঁর আটকাদেশের মেয়াদ ৩ মাস থেকে কমিয়ে দেড় মাস করে। ২১ মে ইসরায়েলি বিচারক আল ঘাদ টিভির ক্যামেরাম্যান ফিলিস্তিনি হাজেম নাসিরের আটকাদেশের মেয়াদ ১১ দিন বাড়ানোর আদেশ দেন। পশ্চিম তীরের তুলকারেম শহরে ঢুকতে গিয়ে তিনি ইসরায়েলি তল্লাশিচৌকিতে আটক হন।
দ্য কমিটি প্রটেক্ট জার্নালিস্টের (সিপিজে) তথ্যমতে নাবলুসে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলি সেনাদের দমনপীড়নের ভিডিও করে ফেরার পথে তিনি গ্রেপ্তার হন।
সিপিজের ২০২১ সালের ওয়ার্ল্ড ফ্রিডম ইনডেক্স অনুযায়ী ১৮০টি দেশের মধ্যে ইসরায়েলের অবস্থান ৮৬তম। সংস্থাটি অভিযোগ করে ফিলিস্তিনি সাংবাদিকদের তাড়া করে বেড়ায় ইসরায়েলি কর্তৃপক্ষ।
সিপিজের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার প্রতিনিধি ইগনাসিও মিগুয়েল দেলগাদো বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষের সাংবাদিকদের ওপর হামলা ও গ্রেপ্তার বন্ধ করা উচিত। কারণ সংবাদ সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করেন সাংবাদিক। তারাই বিশৃঙ্খলার ঘটনাকে স্পষ্ট করে তোলে। ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে সংবাদ সংগ্রহ করতে গেলে ফিলিস্তিনি সাংবাদিকদের কঠিন যুদ্ধের মধ্য দিয়ে যেতে হয়।
২০২০ সালে প্যালেস্টাইন সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড মিডিয়া ফ্রিডমসের (এমএডিএ) হিসেবে পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকায় গণমাধ্যম-সংশ্লিষ্ট ৪০৮টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এমএডিএর প্রতিবেদনে বলা হয়, পশ্চিম তীর এবং গাজায় ২১৫টি ঘটনা ঘটায় ইসরায়েলি কর্তৃপক্ষ। আর ৯৬টি হয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে।
গত কয়েক সপ্তাহে পশ্চিম তীরে ফিলিস্তিনি গোয়েন্দাদের হাতে আটক হয়েছেন অঞ্চলটির বেশ কয়েকজন সাংবাদিক। তাঁদের অপরাধ, তাঁরা ফিলিস্তিনি কর্তৃপক্ষের সমালোচনা করেছিলেন। বিশ্বে গণমাধ্যমের স্বাধীনতায় ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম সূচকে ফিলিস্তিনের অবস্থান ১৩২তম।
গণমাধ্যমের ১৮টি দপ্তরে ইসরায়েলি বাহিনীর হামলা
সম্প্রতি গণমাধ্যমের বিরুদ্ধে সবচেয়ে বেশি গুরুতর হামলার ঘটনা ঘটেছে গাজায়। গাজায় নিজের বাড়িতে ফিলিস্তিনি সাংবাদিক ইউসেফ আবু হোসেনই ইসরায়েলি বাহিনীর ছোড়া বোমা হামলায় নিহত হন। এ ছাড়া ইসরায়েলি বিমান হামলায় তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর দুই কর্মী আহত হন।
সিপিজে জানায়, গাজা সিটিতে আল-জাজিরা ও দ্য অ্যাসোসিয়েটেট প্রেসসহ (এপি) স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের অন্তত ১৮টি দপ্তর ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলায় শিকার হয়েছে।
সিপিজের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার প্রতিনিধি ইগনাসিও মিগুয়েল দেলগাদো বলেন, এক সপ্তাহের কম সময়ের মধ্যে ইসরায়েল অন্তত ১৮টি গণমাধ্যম অফিসের বোমা হামলা চালায়। ইসরায়েলি সামরিক বাহিনী গাজার আসল পরিস্থিতি খবর প্রচার বন্ধ করতেই এমনটা করেছে, তা বুঝতে কারও বাকি নেই।