তালেবানের প্রধানমন্ত্রী হাসান আখুন্দের সঙ্গে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

কাবুল সফরকালে তালেবান সরকারের প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দের সঙ্গে বৈঠক করেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি। গত রোববার কাবুলেছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের শাসনক্ষমতায় তালেবান অধিষ্ঠিত হওয়ার পর প্রথম বিদেশি কূটনীতিক হিসেবে দেশটি সফরে গেলেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। গত রোববার নবগঠিত তালেবান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দের সঙ্গে বৈঠক করেছেন তিনি। খবর রয়টার্সের।

কাবুল সফরকালে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও দেশটির জাতীয় পুনর্গঠন পরিষদের প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহর সঙ্গেও সাক্ষাৎ করেন আল থানি।

তালেবান প্রধানমন্ত্রী আখুন্দ ও কাতারের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের স্থিতিশীলতা বিনষ্ট করতে পারে এমন সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মোকাবিলায় সমন্বিত প্রচেষ্টা গ্রহণ করা, দেশটিতে শান্তি প্রতিষ্ঠা ত্বরান্বিত করার পন্থা খুঁজে বের করা ইত্যাদি বিষয়েও আলোচনা করেছেন।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর সেখানে কোনো দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তার প্রথম সফর এটি। তালেবানের একজন মুখপাত্র জানান, আল থানি তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রীসহ নতুন সরকারের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গেও সাক্ষাৎ করেছেন। কর্মকর্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আফগান জনগণকে সহায়তা করার জন্য কাতারের প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন।

শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি আফগানিস্তানের নতুন শাসকদের ‘জাতীয় পুনর্গঠন প্রক্রিয়ায়’ সব আফগান দলকে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান বলে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে।

মন্ত্রণালয় আরও বলেছে, তালেবান প্রধানমন্ত্রী আখুন্দ ও কাতারের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের স্থিতিশীলতা বিনষ্ট করতে পারে এমন সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মোকাবিলায় সমন্বিত প্রচেষ্টা গ্রহণ করা, দেশটিতে শান্তি প্রতিষ্ঠা ত্বরান্বিত করার পন্থা খুঁজে বের করা ইত্যাদি বিষয়েও আলোচনা করেছেন।

তালেবান কর্তৃপক্ষ বলেছে, বৈঠকে কাতার ও আফগানিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, আফগান জনগণের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা, আফগানিস্তানের অর্থনৈতিক উন্নয়ন এবং বহির্বিশ্বের সঙ্গে দেশটির যোগাযোগের মতো বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী সোমবার বলেছেন, তাঁর দেশ তালেবান সরকারের প্রতি আফগান নারীদের অধিকারের প্রতি শ্রদ্ধা দেখানোর আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে কাতার জানিয়েছে, এ মুহূর্তেই তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না তারা। দোহায় এদিন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লি ড্রায়ানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আল থানি এসব কথা জানান।

তালেবানের ওপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী দেশগুলোর মধ্যে কাতার অন্যতম। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হাজার হাজার আফগান নাগরিককে সরিয়ে নিতে সহায়তা করে কাতার।

গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটিতে অর্থপ্রবাহ বন্ধ করে দেয় পশ্চিমা দেশগুলো। এরপর আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের প্রায় এক হাজার কোটি ডলার আটকে দেয় যুক্তরাষ্ট্র। দেশটিতে জরুরি সহায়তা তহবিলের ৪৪ কোটি ডলারও আটকে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

আফগানিস্তান–সম্পর্কিত জাতিসংঘের বিশেষ দূত ডেবোরাহ লিওনস গত বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আফগানিস্তানে অর্থপ্রবাহ চালু করার একটি উপায় বের করার অনুরোধ জানিয়েছেন। এমন প্রেক্ষাপটে দেশটি মহাবিপর্যয়ের মুখে পড়তে পারে সতর্ক করে দেন বিশেষজ্ঞরা।