তেল ট্যাংকারে হামলার অভিযোগ অস্বীকার করল ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওমান উপকূলে এমভি মার্সার স্ট্রিট জাহাজে হামলা হয়
ছবি: রয়টার্স

জ্বালানি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে ক্রু হত্যার ঘটনায় ইরান জড়িত বলে অভিযোগ করেছেন উন্নত ৭ দেশের জোট জি-৭-এর পররাষ্ট্রমন্ত্রীরা। তবে তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার এক বিবৃতিতে বলেছে, এ ধরনের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন।

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়েদ খাতিবজাদেহ বলেন, ট্যাংকারে হামলার ঘটনায় ইরানকে অভিযুক্ত করে জি-৭-এর পররাষ্ট্রমন্ত্রী ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির পক্ষ থেকে দেওয়া ভিত্তিহীন বিবৃতির তীব্র নিন্দা জানাচ্ছে তেহরান। এমন এক সময় এই অভিযোগ তোলা হলো, যখন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ক্ষমতা গ্রহণ করেছেন।

সায়েদ খাতিবজাদেহ আরও বলেন, বিশ্লেষক এবং এই অঞ্চলের ইতিহাস যাঁরা জানেন, তাঁদের কাছে এটা নতুন বিষয় নয়। ইহুদি রাষ্ট্রটি (ইসরায়েল) বিভিন্ন সময় এমন ষড়যন্ত্র করেছে।

আরও পড়ুন

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সেখারচি দেশটির সরকারি বার্তা সংস্থাকে বলেন, যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, ঘটনাস্থলের পাশ থেকে ইরানি ড্রোনের অংশবিশেষ পাওয়া গেছে। কিন্তু কোন গবেষণাগারে তারা এটাকে ইরানি ড্রোন বলে শনাক্ত করল? এটা যুক্তরাষ্ট্রের একটি প্রক্রিয়া, এমন ঘটনা ঘটলেই ইরানকে অভিযুক্ত করা হয়। ইরানকে চাপে ফেলতে তারা বরাবর এই প্রক্রিয়া বেছে নেয়।

আরও পড়ুন

ওমান উপকূলে গত সপ্তাহে লন্ডনভিত্তিক জোডিয়াক মেরিটাইমের এমভি মার্সার স্ট্রিট নামের জ্বালানি তেলের ট্যাংকারে ড্রোন হামলা হয়। ইসরায়েলের ধনকুবের ইয়াল ওফার প্রতিষ্ঠানটির মালিক। ট্যাংকারটি লাইবেরিয়ার পতাকা বহন করছিল। ড্রোন হামলায় ট্যাংকারে থাকা দুজন নিহত হন। তাঁদের একজন যুক্তরাজ্যের, অপরজন রোমানিয়ার নাগরিক।

এই হামলার পেছনে ইরান জড়িত—শুরু থেকেই এমন অভিযোগ ইসরায়েল ও দেশটির মিত্রদের। জি-৭-এর পররাষ্ট্রমন্ত্রীরা গত শুক্রবার এক বিবৃতিতে বলেন, এটি একটি বেপরোয়া ও পরিকল্পিত হামলা। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে।