দক্ষ বিদেশিদের নাগরিকত্ব দেবে সৌদি আরব
নির্দিষ্ট কয়েকটি পেশায় বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশি নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০-এর অংশ হিসেবে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এমন ঘোষণা দেওয়া হয়েছে।
আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, আইন,চিকিৎসা, বিজ্ঞান সংক্রান্ত, সাংস্কৃতিক, ক্রীড়া ও প্রযুক্তির মতো বিশেষায়িত এসব পেশায় যেসব বিদেশির উচ্চ দক্ষতা রয়েছে, তাঁদের সৌদি নাগরিকত্ব দেওয়া হবে। সৌদি আরবের এই পদক্ষেপের লক্ষ্য, দেশটিতে পেশাদারদের জন্য একটি আকর্ষণীয় শীর্ষ স্তরের ব্যবসায়িক পরিবেশ তৈরি করা। তবে ঠিক কবে থেকে এই ঘোষণা কার্যকর করা হবে বা নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ার বিষয়ে এখনই কিছু জানায়নি সৌদি আরব।
এর আগে ২০১৯ সালেই এই পরিকল্পনার কথা জানিয়েছিল সৌদি আরব। তখন বলা হয়েছিল, তাদের মূল লক্ষ্য বিশেষজ্ঞ এবং বিনিয়োগকারীদের সৌদি আরবে ‘গভীর শিকড়’ স্থাপনের সুযোগ দেওয়া।
এক টুইট বার্তায় সৌদি সরকার বলেছে, বিশ্বজুড়ে বিজ্ঞানী, বুদ্ধিজীবী ও উদ্ভাবকদের আকৃষ্ট করার লক্ষ্য হলো, সৌদি আরবকে একটি বৈচিত্র্যময় কেন্দ্রে পরিণত করা, যাতে আরব বিশ্ব গর্বিত হবে।
সৌদি আরব সরকারের দেওয়া নতুন ঘোষণাটি কিছু নির্দিষ্ট ক্ষেত্রে কর্মরত পেশাদারদের ওপর কেন্দ্র করে হলেও, দেশভিত্তিক কিছু প্রবাসী এবং উপজাতিকেও অন্তর্ভুক্ত করেছে। এই ঘোষণায় ফরেনসিক ও চিকিৎসাবিজ্ঞান, প্রযুক্তি, কৃষি, পারমাণবিক এবং নবায়নযোগ্য শক্তি, তেল-গ্যাস ছাড়াও যাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করেন তাঁদের কথাও বলা হয়েছে।