দুই সপ্তাহ পর চালু হলো ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
দুই সপ্তাহ বন্ধ থাকার পর ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। সোমবার প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক এ তথ্য জানিয়েছেন। এক চুল্লিবিশিষ্ট এক হাজার মেগাওয়াটের এই বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকার কারণে দুই সপ্তাহ ধরে বিদ্যুৎ-বিভ্রাটে পড়েছে পুরো ইরান। বেশ কিছু দিন ধরে ইরানে তীব্র দাবদাহ চলছে। এরই মধ্যে এমন বিদ্যুৎ–বিভ্রাট জনজীবনকে অতিষ্ঠ করে তোলে।
দেশটির পরমাণু শক্তি সংস্থা (এইওআই) গত ২০ জুন জানায়, ‘কারিগরি ত্রুটি’র কারণে বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম বন্ধ করা হয়েছে। তারা কেন্দ্রটি বন্ধ করার এক দিন আগেই বিষয়টি জ্বালানি মন্ত্রণালয়কে জানিয়েছে। তবে তাদের কথার সঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথার মিল পাওয়া যায়নি। কারণ, প্রায় একই সময় বিদ্যুৎকেন্দ্রের এই বন্ধের বিষয়টি রুটিনের অংশ অবিহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দুই বা এক বছর পরপর এমনটি ঘটে থাকে।
এইওআইয়ের উপপ্রধান মাহমুদ জাফরি জনগণকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। কারণ, সেখানে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। যেমন সোমবার তাপমাত্রা ওঠে ৪০ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে ইরানে ৬৫ হাজার ৯০০ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হচ্ছে। এর বিপরীতে দেশটির বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে ৫৫ হাজার মেগাওয়াট।
রাশিয়া এক চুল্লিবিশিষ্ট এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে। নির্ধারিত সময়ের বেশ কয়েক বছর পর ২০১৩ সালে তারা এটি তেহরানের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। পরে ২০১৬ সালে ইরান ও রাশিয়ার যৌথ উদ্যোগে এই পরমাণু বিদ্যুৎকেন্দ্রে অতিরিক্ত দুটি চুল্লির নির্মাণকাজ শুরু হয়। ১ হাজার মেগাওয়াটের চুল্লি দুটি নির্মাণে ১০ বছর সময় লাগার কথা।
এমন সময় দেশটির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে গোলযোগের ঘটনা ঘটল, যখন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে হওয়া চুক্তি পুনরায় সচল করার আলোচনায় ফেরার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। ২০১৫ সালে ইরানের সঙ্গে এই চুক্তি করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্যদেশ চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এবং জার্মানি। ওই চুক্তি অনুযায়ী আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পারমাণবিক কর্মসূচি সীমিত রাখার প্রতিশ্রুতি দেয় তেহরান।
তবে ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ চুক্তি থেকে নিজেদের সরিয়ে নেন। তাতে আবারও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার খাঁড়ায় পড়ে ইরান। যুক্তরাষ্ট্রের পদক্ষেপের পাল্টায় ইরানও ওই চুক্তির শর্ত লঙ্ঘন করে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কার্যক্রম শুরু করে। যদিও ইরান বলে আসছে, তারা যা করছে, তা আইন মেনেই করছে। তবে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর থেকেই মার্কিন প্রশাসন ওই চুক্তিতে ফেরার আগ্রহের কথা জানায়।