দোহায় তালেবানের সঙ্গে আলোচনা ছিল অকপট: যুক্তরাষ্ট্র
কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে মুখোমুখি আলোচনা অকপট ও পেশাদার ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
দোহায় তালেবানের প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মুখোমুখি বৈঠকের শেষ দিন ছিল গতকাল রোববার। সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে গত শনিবার দুই দিনের এই বৈঠকে বসে দুই পক্ষ। গত আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এই প্রথম তালেবান প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সরাসরি বৈঠক অনুষ্ঠিত হলো।
বৈঠক নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস গতকাল একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, সপ্তাহান্তে দোহায় তালেবানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল নিরাপত্তা ও সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগের বিষয়ে গুরুত্ব দিয়েছে। যুক্তরাষ্ট্র, অন্যান্য দেশ ও আফগান নাগরিকদের নিরাপদে আফগানিস্তান ত্যাগ করার সুযোগ দেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। একই সঙ্গে আফগান সমাজের সব ক্ষেত্রে নারী ও মেয়েদের অর্থপূর্ণ অংশগ্রহণসহ মানবাধিকারের বিষয় আলোচনায় গুরুত্ব পেয়েছে।
নেড প্রাইস বলেন, আফগান জনগণের জন্য যুক্তরাষ্ট্রের সরাসরি মানবিক সহায়তার বিধান নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে তালেবান প্রতিনিধিদলের আলোচনাটি অকপট ও পেশাদার ছিল। আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ কথা আবারও বলা হয়েছে যে তালেবানকে শুধু কথা নয়, তার কাজ দিয়ে বিচার করা হবে।
দোহা আলোচনায় দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছেছে কি না, সে সম্পর্কে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
বৈঠকে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের অর্থ ছাড় করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায় তালেবান।
বৈঠক প্রসঙ্গে আফগানিস্তানের নতুন সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, তাঁরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলতে চান। বিশেষ কোনো দেশকে আনুকূল্য প্রদান ও কোনো দেশের সঙ্গে বৈরিতার সম্পর্কে জড়ানোর নীতি তাঁরা গ্রহণ করবেন না।