নির্বিঘ্নে কাটল যুদ্ধবিরতির প্রথম দিনটা
সিরিয়ায় গতকাল সোমবার সূর্যাস্তের পর থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির পর প্রথম দিনটা বেশ নির্বিঘ্নেই কেটে গেল। সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, প্রথম ১৫ ঘণ্টায় কোনো বেসামরিক মানুষ নিহত হওয়ার ঘটনা ঘটেনি।
যে আলেপ্পো শহরের নিয়ন্ত্রণ নিয়ে সিরিয়ার সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সম্প্রতি তুমুল লড়াই চলেছে, সেখানেও পরিস্থিতি শান্ত ছিল। জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন ধরে অবরুদ্ধ হয়ে থাকা এই শহরে মানবিক সহায়তা দেওয়ার অপেক্ষায় আছেন তাঁরা। তবে তাঁরা বলেছেন, সেখানে ত্রাণ তৎপরতা চালানোর জন্য স্থায়ী শান্তির দরকার।
সোমবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও সিরিয়ার সরকারি ও বিদ্রোহী বাহিনীর মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে। সিরিয়ার অবজারভেটরি বলেছে, হামা প্রদেশের কয়েকটি গ্রামে এবং দামেস্কের কাছাকাছি কয়েকটি এলাকায় দুই বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। সিরিয়ার সেনাবাহিনী বলেছে, সাত দিন ধরে যুদ্ধবিরতি কার্যকর থাকবে। তবে সশস্ত্র বিদ্রোহীরা যদি যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে, তবে এর জবাব দেওয়ার অধিকার তাদের আছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের মিত্র বলে পরিচিত রাশিয়া। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও কয়েকটি পশ্চিমা দেশ আসাদবিরোধী বিদ্রোহীদের সমর্থন করে। গত শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ যুদ্ধবিরতির চুক্তি করেন। সিরিয়ার সরকার ও বিদ্রোহী গোষ্ঠীগুলো এই চুক্তি মেনেও নেয়। চুক্তি অনুযায়ী, সাত দিন ধরে যদি যুদ্ধবিরতি কার্যকর করা যায়, তবে রুশ-মার্কিন যৌথ বাহিনী সিরিয়ার সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আক্রমণ শুরু করবে।