নেতানিয়াহুর মসনদ নড়বড়ে করে দেওয়া কে এই বেনেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারে প্রতিরক্ষা, শিক্ষা ও অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন নাফতালি বেনেট; এখন তাঁর কাছেই ক্ষমতা হারাতে চলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী
ছবি: রয়টার্স

ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে মাত্র ৬ আসন নিয়ে প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে রয়েছেন নাফতালি বেনেট। উগ্র জাতীয়তাবাদী দলের এই নেতা মধ্যপন্থীদের সঙ্গে জোট গড়তে রাজি হওয়ায় নড়বড়ে হয়ে গেছে ইহুদি এই রাষ্ট্রটিকে সবচেয়ে বেশি সময় ধরে নেতৃত্ব দিয়ে আসা বেনিয়ামিন নেতানিয়াহুর চেয়ার।

ডানপন্থী নেতানিয়াহুর দল ও সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসা বেনেটের এই উত্থান আন্তর্জাতিক অঙ্গনে আগ্রহের জন্ম দিয়েছে। রাজনীতিতে তাঁর উঠে আসার বিস্তারিত তুলে ধরা হয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে।

একসময়ের প্রযুক্তি উদ্যোক্তা বেনেটের ইসরায়েলের রাজনীতিতে আবির্ভাব ডানপন্থী, উগ্র ধর্মীয় ও জাতীয়তাবাদী বক্তব্যের মধ্য দিয়ে। ৪৯ বছর বয়সী বেনেট রাজনীতির পুরো সময়েই ডানপন্থী ভোটারদের দলে ভেড়ানোর চেষ্টা করেছেন। এখন ইয়েমিনা পার্টির নেতৃত্ব দিচ্ছেন তিনি। এই দলই অধিকৃত পশ্চিম তীরের একাংশকে ইসরায়েলের অংশ হিসেবে ঘোষণা করার দাবি জানিয়ে আসছে।

আক্রমণাত্মক বক্তব্যের জন্য পরিচিত বেনেটকে ঘিরে বিতর্ক কম হয়নি। অর্থনৈতিক নীতির দিক দিয়ে তিনি অতি উদারবাদী। ইরানের বিরুদ্ধে কট্টর অবস্থান রয়েছে তাঁর।
মতাদর্শের মিল থাকা নেতানিয়াহুর কয়েকটি সরকারে দায়িত্ব পালন করেছেন বেনেট। সাম্প্রতিক বছরগুলোতে তাঁদের মধ্যে বিরোধ বাড়তে থাকে।

বেনেট রোববার মধ্যপন্থী নেতা ইয়ার লাপিডের সঙ্গে মিলে জোট সরকার গঠনে সম্মতি জানান। তাঁদের এই সরকার হলে ইসরায়েলে নেতানিয়াহুর এক যুগের শাসনের অবসান ঘটবে। ইসরায়েলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়ে বেনেটকে দলে ভিড়িয়েছেন লাপিড। এ জন্য নতুন সরকারের চার বছরের প্রধানমন্ত্রিত্বের প্রথম দুই বছর ওই চেয়ারে বসবেন বেনেট। পরের দুই বছর প্রধানমন্ত্রী থাকবেন লাপিড।

ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন নেতানিয়াহু, গত মাসেই ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালানোর অনুমোদন দিয়েছিলেন তিনি। তবে তারপরেও এবার আর ক্ষমতা ধরে রাখতে পারছেন না বলেই ধারণা করা হচ্ছে
ছবি: রয়টার্স

নাফতালি বেনেট ইসরায়েলের স্পেশাল ফোর্সের সাবেক কমান্ডো। যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত মা–বাবার ঘরে জন্ম তাঁর। এখন স্ত্রী গালিত ও চার সন্তানকে নিয়ে ইসরায়েলের কেন্দ্রীয় রানানা শহরে থাকেন তিনি।

২০০৫ সালে ১৪৫ মিলিয়ন ডলারে টেক স্টার্ট–আপ বিক্রি করে রাজনীতিতে সক্রিয় হন বেনেট। পরের বছর সে সময় বিরোধী দলে থাকা লিকুদ পার্টির নেতা নেতানিয়াহুর চিফ অব স্টাফ হন তিনি। এই দায়িত্ব ছাড়ার পর ২০১০ সালে বেনেট ইয়েশা কাউন্সিলের প্রধানের দায়িত্ব নেন। এই কাউন্সিল অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণের লক্ষ্যে কাজ করে।

এরপর ২০১২ সালে উগ্র ডানপন্থী দল জিউস হোম পার্টির নেতৃত্বে আসেন নাফতালি বেনেট। ওই সময় পতনের মুখে থাকা এই দলকে চাঙা করেন তিনি। তাঁর নেতৃত্বে পার্লামেন্টে দলটির আসনসংখ্যা বেড়ে চার গুণ হয়। এ সময় একের পর এক ফিলিস্তিনিদের বিষোদগার করে তাঁর দেওয়া বক্তব্য সংবাদমাধ্যমের শিরোনাম হয়।

পশ্চিমতীরে ইহুদি বসতি সম্প্রসারণের লক্ষ্যে কাজ করা ইয়েশা কাউন্সিলের নেতৃত্ব দিয়েছেন বেনেট, ফিলিস্তিনিদের বিষয়ে আরো কট্টর অবস্থান রয়েছে তাঁর
ছবি: রয়টার্স

২০১৩ সালে বেনেট বলেছিলেন, ফিলিস্তিনি ‘সন্ত্রাসীদের হত্যা করা উচিত, মুক্তি দেওয়া নয়’। বেশ কয়েকবার তাঁর এসব বিতর্কিত বক্তব্য আদালত পর্যন্ত গড়ায়। একবার তিনি বলেছিলেন, পশ্চিম তীর অধিকৃত নয়, কারণ এখানে কখনো ফিলিস্তিনিদের রাষ্ট্র ছিল না। তাঁর আরেক বক্তব্য নিয়েও ঝড় উঠেছিল। তিনি বলেছিলেন, ইসরায়েল–ফিলিস্তিনিদের সংঘাতের কখনো অবসান হবে না। এটাকে মেনে নিতে হবে।

নেতানিয়াহুর সরকারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়াও অর্থ ও শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেছেন নাফতালি বেনেট। ২০১৮ সালে জিউস হোম পার্টির নাম বদলে ইয়েমিনা করেন তিনি। এই দল নিয়ে নেতানিয়াহুর জোট সরকারে যোগ দিয়েছিলেন বেনেট। তবে ওই বছরই এই জোট ভেঙে পড়ে।

এরপর গত বছর মে মাসে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ঐক্য সরকারে যোগ দেওয়ার জন্য বেনেটকে ডাকা হয়নি। তার মধ্য দিয়ে মতাদর্শিক মিল থাকার পরও বেনেটের প্রতি নেতানিয়াহুর অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটে।

গত বছর করোনাভাইরাস সংক্রমণ দেখা দিলে স্বাস্থ্যসেবা সংকটের দিকগুলো তুলে ধরে উচ্চকণ্ঠ হন নাফতালি বেনেট। করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের পাশাপাশি করোনার অভিঘাত মোকাবিলায় অর্থনৈতিক প্রণোদনা দেওয়ার প্রস্তাব করেন তিনি।

* আল–জাজিরা অবলম্বনে প্রতিবেদনটি তৈরি করেছেন আজিজ হাসান