পলাতক দুই ফিলিস্তিনি বন্দীকে আটক করেছে ইসরায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পলাতক কারাবন্দীদের আটক করতে ইসরায়েল ও পশ্চিম তীরে তল্লাশিচৌকি স্থাপন করেছে ইসরায়েলি বাহিনী
ফাইল ছবি: রয়টার্স

ইসরায়েলের কারাগার থেকে পলাতক ছয় ফিলিস্তিনির দুজনকে আটক করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার তাঁদের ইসরায়েলের নাজারেথ শহর থেকে আটক করা হয়। তবে আটক ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়নি। ইসরায়েলের পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

গত রোববার দিবাগত রাতে ইসরায়েলের গিলবোয়া কারাগার থেকে পালান ওই ছয় বন্দী। এর পরপরই তাঁদের আটক করতে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। আটক করা হয় কয়েকজন বন্দীর পরিবারের সদস্যদেরও।

পলাতক ছয় বন্দীর মধ্যে ছিলেন মাহমুদ আরদাহ, মুনাদিল ইনফাত, মোহাম্মদ আরদাহ, ইহাম কামামজি, ইয়াকুব কাদরি ও জাকারিয়া জুবেইদি। তাঁদের মধ্যে জাকারিয়া জুবেইদি আল-আকসা মার্টায়ার্স ব্রিগেডসের সাবেক প্রধান। একাধিক সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগে ২০১৯ সালে তাঁকে গ্রেপ্তার করা হয়। বাকি চারজনকে ইসরায়েলিদের হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছিল।

কারাগার থেকে পালানোর এই ঘটনাকে কর্মকর্তাদের ব্যর্থতা বলে উল্লেখ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। অন্যদিকে এই জেল পালানোর ঘটনাকে ‘নায়কোচিত’ বলে আখ্যায়িত করেছে ফিলিস্তিনের বিভিন্ন বিদ্রোহী দল।

কারাগার চত্বরে থাকা সিসিটিভির ফুটেজ অনুযায়ী, রোববার দিবাগত রাত দেড়টায় সুড়ঙ্গ খুঁড়ে কারাগার থেকে পালিয়ে যান ছয় বন্দী। কিন্তু বিষয়টি তখন নজরে আসেনি। রাত তিনটায় গিলবোয়া কারাগারের কাছে সন্দেহভাজন কয়েক ব্যক্তিকে দেখতে পান স্থানীয় লোকজন। তাঁরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। এরপর ভোররাত চারটায় সতর্কতা অ্যালার্ম বাজানো হয়।

গত দুই দশকের মধ্যে এই প্রথম ইসরায়েলের কোনো কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের পালানোর মতো বড় ঘটনা ঘটল। এটিকে কারাগারের নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা বলছে ইসরায়েলের গণমাধ্যম। এমনকি, যে সুড়ঙ্গ ব্যবহার করে বন্দীরা পালিয়েছেন, সেটির কাছের একটি পর্যবেক্ষণ টাওয়ারে থাকা নিরাপত্তারক্ষী ঘুমিয়ে পড়েছিলেন বলে শোনা যাচ্ছে।